দুই পক্ষের সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সিংদই গ্রামের পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মো. জালাল উদ্দিনের (৪০) দখলে থাকা ৪০ শতক জমি গতকাল সকালে তাঁর প্রতিপক্ষ মো. আক্কাছ আলী ও তাঁর লোকজন দখল করে নেওয়ার চেষ্টা করে। এতে জালাল ও তাঁর পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলার সময় আক্কাছের সমর্থক কনু মিয়া ও মনু মিয়ার একটি বসত ও গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। বসতঘরের আগুন স্থানীয় লোকজন নেভাতে পারলেও গোয়ালঘরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। কনু ও মনু মিয়া এ ঘটনার জন্য প্রতিপক্ষ জালাল উদ্দিনের পক্ষের লোকজনকে দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে জালালের পক্ষের লোকজনের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ ও স্কুল ছাত্রীসহ অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন।