দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়ন (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ইউপির গাগুরিয়া স্লুইসগেট বাজারে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলার সাতটি ইউপির নির্বাচন ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর ওই বাজারে মোরগ প্রতীকের প্রার্থী মামুন আকন ও ফুটবল প্রতীকের সফিক আকনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। তা ছাড়া বাজারের ১০টি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি রাবার বুলেট ছোড়ে। আহত ব্যক্তিরা নিজ উদ্যোগে হাসপাতালে ভর্তি হওয়ায় সঠিক সংখ্যা জানা যায়নি। আহত দুজনকে থানায় আনা হলেও পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।