দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরডুমুড়িয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে জুয়া খেলা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। দুই পক্ষই মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের সমর্থক। পুলিশ জানায়, ফরহাদ খানের ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেনের ছত্রচ্ছায়ায় এলাকায় জুয়া খেলা ও মাদক ব্যবসা চলছিল। এসব কাজে বিরোধিতা করছিলেন ওয়ালিউল্লাহ ও তোফাজ্জলসহ তাঁর পক্ষের লোকজন। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চরডুমুড়িয়া এলাকায় কামালের লোকজনের সঙ্গে ওয়ালিউল্লাহ ও তোফাজ্জলের লোকজনের এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ওই ২০ জন আহত হন। এ ছাড়া শতাধিক ককটেলের বিস্ফোরণ ও চার-পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জ প্রতিনিধি