দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী এলাকায় সড়ক নির্মাণকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিহরদী গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের সবুর আলী প্রধানের সঙ্গে আফাজ উদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গতকাল সকালে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর বিকেলে আফাজ উদ্দিনের পক্ষের ইসহাক মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন টেঁটা, রামদা, ছেনা, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সবুর আলী প্রধান, সেলিম মিয়া, সফুল্লা মিয়া, আলা উদ্দিন, নাসির উদ্দিন, মনির হোসেন, তাহসিন মিয়া, নুর হোসেন মিয়া, আবদুল মতিন মিয়া, মোমেন মিয়াসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় তাঁরা আলাউদ্দিন, মনির হোসেন, আকবর হোসেন ও মতিন মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। পরে সবুর আলীর লোকজন একত্র হয়ে হামলা চালিয়ে আফাজ উদ্দিন ও তাঁর সমর্থক স্বপন মিয়া, আশরাফুল মিয়া, রিপন মিয়াসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবুর আলী প্রধান বলেন, ‘এলাকাবাসীর চলাচলের জন্য রাস্তা নির্মাণে দীর্ঘদিন ধরে আফাজ উদ্দিন ও তাঁর লোকজন বাধা দিয়ে আসছেন। গতকাল এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আফাজ উদ্দিনের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।’ আফাজ উদ্দিন মিয়া বলেন, সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।