আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। পুলিশ বলছে, কলেজের ভিপি ও জিএসের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তাঁরা কলেজের ছাত্র বলে পুলিশ জানায়।
সংঘর্ষে আহত তিনজন হলেন সাব্বির, সাজ্জাদ ও মকবুল। সাব্বিরের বুকে, পেটে ও ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক করা হয় ফিরোজুর রশিদ ও তারেকুর রহমানকে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে এমইএস কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন ও জিএস আরশেদুল আলম ওরফে বাচ্চু সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আহত তিনজন নিজেদের সাব্বির, সাজ্জাদ ও মকবুল পরিচয় দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। তবে তিনজনই নিজেদের আসল পরিচয় ও নাম গোপন করেছেন। আমরা তাঁদের আসল পরিচয় বের করার চেষ্টা করছি।’
সংঘর্ষের বিষয়ে এমইএস কলেজের ভিপি ও নগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমি ঢাকায় অবস্থান করছি। তবে এই ঘটনার খবর পেয়ে আমি বাচ্চুর সঙ্গে কথা বলি। সে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।’
জিএস আরশেদুল আলম বলেন, ‘হঠাৎ করে কিছু ছেলেপেলে নিজেদের মধ্যে সংঘাতে জড়ায়। এদের মধ্যে বহিরাগত যুবকেরাও রয়েছে। তাদের সংঘর্ষে জড়ানোর রহস্য আমি নিজেও জানি না। এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ বা আমাদের নিজেদের মধ্যে বিরোধের কোনো সম্পর্ক নেই।’