দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে আজ রোববার দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি গুলি ছোড়ে।

পুলিশ, বড়লেখা ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে পৌর শহরে অবস্থিত বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের চালকদের সঙ্গে কয়েকজন যাত্রীর কথাকাটাকাটি হয়। খবর পেয়ে বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান সোয়েব আহমদ সেখানে গিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা চালান। একপর্যায়ে অটোরিকশার চালকেরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর জের ধরে কিছু সময় পর ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে অটোরিকশা স্ট্যান্ডের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, কনস্টেবল দারা মিয়া, জিতু মিয়া ও লাভলু আহমদ এবং সং​ঘর্ষে লিপ্ত উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হন। সংঘর্ষ চলাকালে শহরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। কেনাকাটা করতে আসা লোকজনও আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষ চলাকালে ইটবোঝাই তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বড়লেখা ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি গুলি ছোড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জুনায়েদ আলম সরকার রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশা চালকদের সঙ্গে যাত্রীদের বচসার জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’