দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুদু মিয়া (৪০) নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিনি কানাইঘাটের লক্ষ্মীপাশা (পশ্চিম) ৯ নম্বর ইউপির সদস্য ছিলেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কানাইঘাটের লক্ষ্মীপাশা ইউনিয়নের কুওরঘড়ি গ্রামের সাবাব উদ্দিন নামের এক যুবককে ইভ টিজিংয়ের দায়ে গতকাল বৃহস্পতিবার তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ওই ঘটনায় আজ শুক্রবার জুমার নামাজের পর একটি মসজিদের পাশে আবার সালিস ডাকেন গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিরা। সালিসে কুওরঘড়ি বাসিন্দা ইউপি সদস্য দুদু মিয়া ও সাবাব উদ্দিনের চাচা রাকিব আলীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় দুদু মিয়া গুরুতর আহত হন। এলাকাবাসী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল চারটার দিকে তিনি মারা যান। তাঁর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। সংঘর্ষে দুপক্ষের আরও ২৫জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।