স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে গত বৃহস্পতিবার কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এর জেরে পরদিন একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্য নিহত ও ২৫ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলার কুওরঘড়ি গ্রামে। নিহত ব্যক্তির নাম দুদু মিয়া (৪০)। তিনি লক্ষ্মীপ্রসাদ (পশ্চিম) ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রতিপক্ষের অভিযোগ, দুদু মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মো. জাকারিয়া জানান, বৃহস্পতিবার ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে একই গ্রামের সাবাব উদ্দিনকে (২৫) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদের একটি পূর্ববিরোধ নিষ্পত্তি করতে সালিস বসেছিল। সেখানে সাবাবের সাজার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এর পরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবাব দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছেন। এ অপরাধে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত সাবাবকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ নিয়ে গ্রামে দুটি পক্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় গতকাল জুমার নামাজের পর সালিস ডাকা হয়। এতে একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য দুদু মিয়াও উপস্থিত ছিলেন। সালিস চলাকালে সাবাবের চাচা রাকিব আলী অভিযোগ করেন, দুদু মিয়ার কারণেই ওই ভ্রাম্যমাণ আদালত সাবাবকে সাজা দিয়েছেন। এ নিয়ে দুদু মিয়ার সঙ্গে রাকিবের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাকিব ও ইউপি সদস্যের পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সালিস পণ্ড হয়ে যায়। এ সময় প্রতিপক্ষ দুদু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে আহত অন্তত ১৭ জনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবির বলেন, ইউপি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।