দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ আহত ৫০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় মন্নান মিয়া (২৮), পরাশ মিয়া (৪৫), সাইদুর রহমান (২০), জুবেদা বেগম (২৬), রাজনা বেগম (৩০), হারুন মিয়া (৩০), হান্নান মিয়া (৩৫), আবুল হোসেনসহ (৪৫) ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিমসহ চার পুলিশ সদস্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে দাউদপুর গ্রামের জাহিদুর রহমানের সঙ্গে একই গ্রামের ফারুক মিয়ার নানা বিষয় নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। গতকাল বেলা একটার দিকে জমিতে পানি সেচ নিয়ে ফারুক ও জাহিদুরের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। উভয় পক্ষ লাঠিসোঁটা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ থামাতে নবীগঞ্জ থানা-পুলিশ ১২টি গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি প্রতিপক্ষ জাহিদুর রহমানের বিরুদ্ধে পাইপগানের গুলি ছোড়ার অভিযোগ করেছে। জাহিদুর রহমান তা অস্বীকার করেছেন। সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশত ব্যক্তি আহত হন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান বলেন, এ দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে ১২টি গুলি ছুড়েছে। চার পুলিশ আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।