দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সজল মিয়া (২৮) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৪০ জন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাইল (ইসলামপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজল শ্রীহাইল গ্রামের আবদুল আলমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীহাইল গ্রামের ডালিম মিয়া ও জিয়াউর রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে আজ দুপুরে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। টেঁটাবিদ্ধ অবস্থায় বেলা তিনটার দিকে সজলকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সজল ডালিম মিয়ার পক্ষের সমর্থক। শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আরও ২১ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুই পক্ষের মধ্যে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ২০-৩০ বছর ধরে বিরোধ চলছে। এর জেরেই আজ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।