দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মানিকদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পুখুরিয়া গ্রামের আবদুল করিম মাতব্বরের সঙ্গে একই ইউনিয়নের খাঁকান্দা নাজিরপুর গ্রামের মোমরেজ তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
তিন দিন আগে আবদুল করিমের কয়েকজন সমর্থক মোমরেজ তালুকদারের পক্ষে যোগ দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে পুখুরিয়া বাজারে আবদুল করিমের পক্ষের রুহুল মিয়ার সঙ্গে মোমরেজ তালুকদারের পক্ষের মোসলেম মাতুব্বরের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় নাজিরপুর, খাঁকান্দা নাজিরপুর, পুখুরিয়া ও ব্রাহ্মণকান্দা গ্রামের প্রায় দেড় হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর থেকে র্যাব-৮ এর একটি দল ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ লাঠিপেটা ছাড়াও শটগানের ২৫টি গুলি ছোড়ে।
চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ২৫ জন আহত হন। পুলিশের আহত সদস্যরা হলেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান (৩৫), কনস্টেবল আবদুল বাতেন (৩২) ও মোতালেব শেখ (৫৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পুখুরিয়া গ্রামের শহীদ সরদার (৫৫) ও কামাল শেখকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার এসআই মো. জালাল উদ্দিন বলেন, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।