দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে ও আগের দিন শনিবার রাতে সাবেক ইউপি সদস্য নুরুল হক ও আবদুল বাতেনের গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের সময় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ১৩৮টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের একটি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রয়েল মিয়া (২৬), নোয়াজ আলী (২০), মেহেদি হাসান (২০) ও আইয়ুব আলী (৩২)। তাঁদের বাড়ি সৈয়দটুলা গ্রামে। মেহেদি হাসানকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল আবেদীন পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং বাকি তিনজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রয়াত সদস্য ও সৈয়দটুলা গ্রামের আবদুল বাতেনের গোষ্ঠীর পক্ষের বকুল মিয়ার জমি থেকে ধান আনাকে কেন্দ্র করে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হকের গোষ্ঠীর ভ্যানচালক মিঠুন মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। রাত আটটার দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য লোকজন সালিস বৈঠকে বসেন। এ সময় উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, পুলিশ সদস্য আবদুল করিম, জহিরুল ইসলামসহ কমপক্ষে ৫০ জন আহত হন। এ সময় পাঁচটি বসতবাড়ি ও একটি দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট হয়েছে। সকাল ১০টার দিকে পুলিশ ব্যাপক লাঠিপেটা, ১৩৮টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের একটি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে এসআই আবদুল আলীম, পুলিশ সদস্য আবদুল করিম ও জহিরুল ইসলামকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোহাগ মিয়া (২৮), রিমন মিয়া (২৪) ও সৈয়দা নিশাদ বেগমকে (২০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জেলা সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।