দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে আজ শনিবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আলেয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। স্থানীয় লোকজন বলছেন, সংঘর্ষের সময় আলেয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
স্থানীয় লোকজন বলেন, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত সদস্য প্রার্থী কালাম সরদারের সঙ্গে অপর পরাজিত প্রার্থী মোহাম্মদ উদ্দিনের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সন্ধ্যা সাতটার দিকে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরের ওপর লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্রসহ ঝাঁপিয়ে পড়ে। তখন গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদও প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় গুলিতে ওই নারী মারা গেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে বলেন, একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।