দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
sirajgonj
sirajgonj

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাসেল ফকির (৩২)। তিনি একই গ্রামের ফিরোজ ফকিরের ছেলে।

গ্রামে আধিপত্য বিস্তার, জমাজমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় আলম মিয়া ও সোবাহান আলীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- আফসার আলী (৪৫), নজির প্রামাণিক (৫৬), মোতালেব হোসেন (৪৫), সাচ্চু ফকির (৬০), মাসুদ ফকির (৪৫), রুবেল মিয়া (২৫), সানজিদা খাতুন (৩৩), সালমা খাতুন (২২), এরশাদ আলী (৫৫) ও উজ্জ্বল আলী (১৮)। তাদের সিরাজগঞ্জ ও বগুড়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বাতিয়া দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল বাতেন ফকিরের সঙ্গে বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের আফসার আলী ও আবু বক্কার মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বাতিয়া বাজারে ফকির ও মণ্ডল গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষ রামদা, হাসুয়া, বল্লম, ফালা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠিসোটা নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে রাসেলকে ফালা দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, দু’টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।