দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খেত পাহারা নিয়ে ইসলামনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গতকাল শনিবার অন্তত নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন (৫৫), শরিফুল ইসলাম (৪০), মইদুল ইসলাম (৩০), সুরমান আলী (৩২), মামুন হোসেন (২৫), বাদল মাহন্ত (৬৫), জাহাঙ্গীর হোসেন (৪৫), হেবল আলী (৩৫) ও গাদল মণ্ডল (৪৮)। তাঁদের বাড়ি ইসলামনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, খেত পাহারা দেওয়া নিয়ে বাদল মাহন্ত ও নাজিম উদ্দিন নামের দুজনের মধ্যে গতকাল দুপুর ১২টার দিকে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তাঁরা পরস্পরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার গতকাল বিকেল চারটার দিকে বলেন, পরিস্থিতি শান্ত। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষই মামলা করেনি।