দুই পক্ষের সংঘর্ষে পণ্ড সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের সংঘর্ষের কারণে পণ্ড হয়ে গেছে নোয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এদিকে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন শুরু হয়। সভাপতি পদে প্রার্থী ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল পাঁচটার দিকে সম্মেলনের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্য শুরু হয়। এ সময় মিলনায়তনের ভেতরে সভাপতি পদপ্রার্থী হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীরের সমর্থকেরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠির আঘাতে মাহবুবের সমর্থক পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের মাথা ফেটে যায়। এরপর দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে একদল ব্যক্তি মিলনায়তনের ভেতরে ঢুকে কেন্দ্রীয় নেতাদের সামনে চেয়ার-টেবিল ভাঙতে শুরু করেন। এ সময় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পরে মওদুদ আহমদ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, একপর্যায়ে সংঘর্ষ শিল্পকলা একাডেমির বাইরের সড়ক ও নোয়াখালী প্রেসক্লাবের সামনেও ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় ও সম্মেলন উপলক্ষে সড়কের পাশে নেতা-কর্মীদের টানানো ডিজিটাল ব্যানার-ফেস্টুন-পোস্টার ছিঁড়ে ফেলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। সম্মেলন পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।
সভাপতি প্রার্থী হারুনুর রশিদ আজাদ বলেন, যাঁরা তাঁকে জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান না, তাঁরাই সম্মেলনে হামলা-ভাঙচুর করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অপর সভাপতি প্রার্থী মাহবুব আলমগীরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
দলীয় সূত্র জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতা আকবর হোসেন, ছাত্রদলের কর্মী আজমির হোসেন, মো. রুবেল, মো. শামু, মো. রানা, মো. পাভেল, মো. শরিফ ও মো. জাবেদের নাম জানা গেছে। আহত ব্যক্তিদের শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত ও হামলার প্রতিবাদে সভাপতি প্রার্থী মাহবুব আলমগীরের সমর্থকেরা সন্ধ্যা সাতটার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।