দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদ কমিটির হিসাব চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। এঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উপজেলার বারুহাস ইউনিয়নের লাউশন গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন গ্রামের হাফিজুর রহমানের ছেলে জুয়েল (৩২), মৃত বরাদ আলীর ছেলে মোখলেছুর রহমান (৩৮), আলী আজগরের ছেলে রাব্বি (১০), আবু সাঈদের ছেলে নাজমুল (১০) ও খোদাবক্স (৫০)।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদ কমিটির বর্তমান সভাপতি আবদুল হান্নান একই গ্রামের আজিজুর রহমানের কাছে থাকা মসজিদের টাকার হিসাব চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় আজিজুরের ছেলে আনোয়ার হোসেন লোকবল নিয়ে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আনোয়ার হোসেন দৌড়ে গিয়ে বাড়ি থেকে বন্দুক এনে গুলি বর্ষণ করেন। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হন। আহত ব্যক্তিদের পাঁচজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান খান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত।