দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে আজ শনিবার ভোরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সিদলাই গ্রামের খোরশেদ আলম (৫০), সানু মিয়া ওরফে শুক্কু মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়া ও সামসু মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। আজ ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সানু মিয়া ওরফে শুক্কু মিয়া মারা যান। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মাহমুদ দুজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ভোর পাঁচটার দিকে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।