দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতবাড়ি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন বৃদ্ধার তিন ছেলে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি রক্তমাখা চাকু উদ্ধার করেছে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, বসতবাড়ি নিয়ে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বড়বাড়ির মফজল আহমদের (৭৪) পরিবারের সঙ্গে পাশের ঘরের আবু আহমদের (৬০) পরিবারের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষ মামলায়ও জড়ায়। গতকাল মঙ্গলবার বিকেলে মফজলের ঘরের চাল থেকে আবু আহমদের ঘরের চালে পানি পড়লে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে আজ সকালে দুই পক্ষ মারামারিতে জড়ালে মফজল আহমদের স্ত্রী ছকিনা খাতুন (৭০) নিহত হন। এ সময় আহত হয়েছেন তাঁর তিন পুত্র মো. রফিক (৪০), শাহ আলম (৩৫) ও মাহা আলম (২৭)।
আজ সকালে বোয়ালিয়া এলাকায় গেলে আহত মো. রফিকের স্ত্রী তানিয়া তাসরিন বলেন, ‘সকালে আমার দেবর মাহা আলম দোকান থেকে রুটি নিয়ে আসার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে দা-কিরিচ দিয়ে হামলা চালায়। খবর পেয়ে আমার স্বামী, আরেক দেবর ও শাশুড়ি ঘর থেকে বের হলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। ওই সময় মাথায় কিরিচের কোপ পড়লে শাশুড়ি মারা যান।’
এ ব্যাপারে আবু আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এ ব্যাপারে স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, বসতবাড়ি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ালে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে কিরিচসহ তিনটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, বৃদ্ধার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।