দুই পক্ষের সংঘর্ষে সেনাসদস্যসহ আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই), সেনাবাহিনীর এক সার্জনসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭টি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী গ্রামে আধিপত্য বিস্তার ও শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিএনপির কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগের কর্মী বাচ্চু মিয়ার সঙ্গে গত মঙ্গলবার কথা-কাটাকাটি হয়। গতকাল সকালে এ নিয়ে এলাকায় সালিস বৈঠক বসে। বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন রামদা, বল্লম, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাচ্চু মিয়ার পক্ষের শাহ আলী, শামসুল হক, এবায়দুল্লা, আমান উল্লা ও তারা মিয়া এবং দেলোয়ার হোসেনের পক্ষের মহসিন মিয়া, আবদুল করিম, আমিন মিয়া, হাবিবুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে সংঘর্ষ থামাতে গিয়ে এসআই আবুল বাশার, কনস্টেবল মোতালিব, সোলায়মান ও হামছাদী গ্রামের বাসিন্দা সেনাবাহিনীতে কর্মরত সার্জন (ছুটিতে থাকা) আবদুল করিম আহত হন। আহতদের মধ্যে আবদুল করিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের বিিভন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার জানান, বাচ্চুর লোকজন তাঁদের ওপর হামলা করেছেন। বাচ্চু জানান, দেলোয়ারের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছেন। থানার ওসি রিজাউল হক জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাজুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।