দুই পক্ষের সংঘর্ষে ১১ জন রক্তাক্ত জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১১ জন রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

 আহত ব্যক্তিরা হলেন শিবপুর গ্রামের ছয় সহোদর হাফিজুর রহমান, মহাবুব রহমান, হামিদুর রহমান, শহিদুর রহমান, সাজেদুর রহমান ও মিনারুল ইসলাম এবং তাঁদের প্রতিপক্ষ শিবপুরের সিদ্দিকুর রহমান, তাইজেল হক ও চিতলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের আকরামুল হক, আবুছদ্দিন, তাঁর ছেলে আবদুল হাকিম। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 শিবপুর গ্রামের কুয়োতলা মাঠে আড়াই একর জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমিতে হাফিজুর ও তাঁর ভাইয়েরা গতকাল সকালে কলাগাছ রোপণ করেন। প্রতিপক্ষের লোকজন এতে বাধা দিলে সংঘর্ষ হয়।

 আহত হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা বংশপরম্পরায় ওই জমি চাষাবাদ করে আসছেন। এর মধ্যে ৩৫ শতক জমিতে সম্প্রতি দুই দফায় কলাগাছ রোপণ করলে প্রতিপক্ষের লোকজন তা কেটে ফেলে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি সরেজমিন তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) টিপু সুলতানকে দায়িত্ব দেন। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার থানায় সালিস হয়। সালিসে তাঁরা (হামিদুর পক্ষ) সব হালনাগাদ কাগজপত্র দেখালে পুলিশের পক্ষ থেকে তাঁদের (হামিদুর ও তাঁর ভাইদের) ওই জমি চাষাবাদ করতে পরামর্শ দেওয়া হয়। গতকাল সকালে তাঁরা শ্রমিকদের নিয়ে জমিতে যান এবং কলাগাছ লাগান। কিন্তু বাড়ি ফেরার প্রস্তুতি নিলে প্রতিপক্ষের লোকজন রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করে।

 তবে অপর পক্ষের আকরামুল হক বলেন, প্রায় ৬১ বছর আগে তাঁর বাবা ওই জমি কেনেন। সেই থেকে জমিটি তাঁদের দখলে রয়েছে এবং তাঁরা চাষাবাদ করে আসছেন। আরএস রেকর্ডের সময় কিছু ভুল তথ্য যোগ হওয়ার সুযোগে প্রতিপক্ষ জমিটি দখলে নেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা হয়েছে। মামলা চলাকালে পুলিশকে ভুল বুঝিয়ে তাঁরা জমিটি দখলের পাঁয়তারা করছেন। গতকাল জমিতে কলাগাছ লাগাতে বারণ করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়।

 সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিবুল ইসলাম বলেন, ১১ জনই রক্তাক্ত জখম হয়েছেন। তবে তাঁরা আশঙ্কামুক্ত।

এসআই টিপু সুলতান বলেন, গত মঙ্গলবার দুই পক্ষের লোকজনকে ডেকে আদালতের মাধ্যমে জমির রেকর্ড সংশোধনসহ সমস্যা নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। কিন্তু আজ (গতকাল বুধবার) সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।