দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা অফিস
পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় গতকাল বুধবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। চাটমোহর পৌর সদরে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, পৌর সদরের সবুজ সংঘে আজ সকাল ১০টায় চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলনকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুর থেকেই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম এবং জেলা বিএনপির স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক ও বহিষ্কৃত চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসাদুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা পৌর সদরে ১৪৪ ধারা জারি করেন। আজ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে—বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।
বিএনপির স্থানীয় পাঁচজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরে বিএনপির এই দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। দুই পক্ষই পৃথকভাবে সব দলীয় কর্মসূচি পালন করে। এক পক্ষ সকালে মিছিল-মিটিং করলে অপর পক্ষ করে বিকেলে। ফলে কাউন্সিল অধিবেশনে ক্ষমতা হারানোর ভয় ও ক্ষমতা দখলের প্রক্রিয়ায় দুই পক্ষই মরিয়া হয়ে ওঠে। ভেতরে ভেতরে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে জেলা বিএনপিও কাউন্সিল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি ছিল এটা ঠিক। তবে বর্তমানে তা মিটিয়ে ফেলা হয়েছে। বাস্তবে কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন হয়নি। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলার বাইরে রয়েছেন। ফলে আমরা দলীয়ভাবে গতকাল বুধবার সকালে কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আলোচনা সাপেক্ষে পরে কাউন্সিল করা হবে।’