বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দুই পক্ষের সংঘর্ষের পর তিনজনকে হল থেকে বহিষ্কার
এক ছাত্রকে মারধরের ঘটনা নিয়ে গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে আজ বুধবার দুপুরে একজন অফিস সহকারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিন ছাত্রকে হল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও সংঘর্ষে জড়িয়ে পড়া ওই দুই পক্ষ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কর্মকর্তা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। কিন্তু জাহাঙ্গীর গ্রুপ ও ঈশা গ্রুপ নামে ছাত্রলীগের দুটি অংশ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় আছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের ফরিদ মল্লিক নামের এক ছাত্রকে মারধর করে জাহাঙ্গীর গ্রুপের কয়েকজন সমর্থক। ফরিদ মল্লিক ঈশা গ্রুপের সমর্থক। আহত ফরিদ মল্লিককে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদ মল্লিকের ওপর হামলার জের ধরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কবিতা খানমসহ পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয় দিবস হলের তিন ছাত্র—সম্রাট বিশ্বাস, মাহাদি হাসান ও জাহাঙ্গীর আলমকে হল থেকে বহিষ্কার করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হালিমা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দুপুরে সংঘর্ষের পরের ক্লাসগুলো না হলেও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।