ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীদের সংঘর্ষের মধ্যে পড়ে চট্টগ্রামে এক আইনজীবীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে আন্দরকিল্লায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। সিটি করপোরেশনের আওতাধীন নগরের একটি নৌঘাটের ইজারার ফরম কেনা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ছররা গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম বারের আইনজীবী তৌহিদুল ইসলাম (৩০), সিটি করপোরেশনের ঠিকাদার অশোক দেব ওরফে লিটন (৩৭) ও পথচারী অভি পাল (২২)। তাঁদের শরীরে ছররা গুলি লেগেছে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রলীগের সাবেক দুই নেতা হলেন আবদুল্লাহ আল মামুন এবং এ এম মহিউদ্দিন। দুজনই চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এর মধ্যে মামুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক। মহিউদ্দিন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক। সংঘর্ষের বিষয়ে দুজনের বক্তব্য জানতে গতকাল রাতে কয়েক দফা তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও দুজনের কেউ ফোন ধরেননি।।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, টেন্ডার নিয়ে মামুন ও মহিউদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এরপর তাঁরা বাইরে আবার গোলাগুলি করেন। এতে তিনজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। দুজনকেই ধরার চেষ্টা চলছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ১৭টি নৌঘাট ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের ফরম বিতরণের শেষ দিন ছিল গতকাল। ফরম কেনাকে কেন্দ্র করে বেলা তিনটায় নগর ভবনের দ্বিতীয় তলায় আবদুল্লাহ আল মামুনের সঙ্গে এ এম মহিউদ্দিনের অনুসারী মিল্টন নামের এক কর্মীর কথা-কাটাকাটি হয়। মামুন ফরম নিতে মিল্টনকে বাধা দেওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর সেখানে মহিউদ্দিন উপস্থিত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর কক্ষ থেকে বেরিয়ে আসেন। তিনি দুই পক্ষকে ধমক দিয়ে নগর ভবন থেকে বের করে দেন। সিটি মেয়রের দপ্তরও নগর ভবনের দ্বিতীয় তলায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে নগর ভবনের সামনে ওই দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত তিনজনের মধ্যে আইনজীবী তৌহিদুল ইসলামের কপালে, অশোক দেবের বাঁ হাতে এবং পথচারী অভি পালের পিঠ, হাত ও শরীরে ছররা গুলি লেগেছে। তিনজনই আপাতত শঙ্কামুক্ত বলে জানান চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালটি ওয়ার্ডের চিকিৎসক উম্মে সালমা।
হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি রাউজান থেকে অটোরিকশায় করে আদালত ভবনের দিকে যাচ্ছিলেন। নগর ভবন পার হওয়ার সময় হঠাৎ একটি গুলি তাঁর কপালে এসে লাগে।
ঠিকাদার অশোক দেব প্রথম আলোকে জানান, ‘২১ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের একটি কাজ চলছে। আমি সেই কাজটি করছি। সেখান থেকে লেবারদের (শ্রমিক) মজুরি সংগ্রহ করতে আমি নগর ভবনের দিকে রওনা হই। নগর ভবনের গেট (ফটক) পার হওয়ার সময় একটি গুলি আমার হাতে লাগে।’
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সময় তিনি আগ্রাবাদে ছিলেন। সেখানে খবর পান নৌঘাটের ইজারার দরপত্রের ফরম বিতরণ নিয়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পক্ষকে ইজারার ফরম নিতে বাধা দেওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষ আবার নগর ভবনের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।