দুই পক্ষের হামলা ও মামলায় নিঃস্ব হচ্ছে নোয়াপাড়ার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাব বিস্তারের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও মামলা লেগেই আছে। এসব সংঘর্ষে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কয়েকজন।
সম্প্রতি সরেজমিনে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের উত্তরপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দুই দলে বিভক্ত। গ্রামের বেশির ভাগ বাড়িঘরে বিভিন্ন সময়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের করা বর্তমান চলমান মামলা ২২টি। এখন মাতবরপাড়ার নেতৃত্ব দিচ্ছেন জালাল মাস্টার, নূর মোহাম্মদসহ আরও কয়েকজন। আর পূর্বপাড়ার নেতৃত্বে আছেন ইয়াছিন মোল্লা, আতিয়ার শেখসহ কয়েকজন। সর্বশেষ গত ২৯ জানুয়ারি ইয়াছিন মোল্লার পক্ষের সাহিদুল ইসলামের (৫২) হাতের কবজি কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। ১৩টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
মাতবরপাড়া ও পূর্বপাড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গত বছর এ দুই পক্ষের মধ্যে অন্তত ছয়বার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত নয়জন চিরতরে পঙ্গু হয়ে গেছেন। গ্রেপ্তারের ভয়ে প্রায় ২০ দিন ধরে গ্রামের অধিকাংশ পুরুষ বাড়িছাড়া।
ইয়াছিন মোল্লার পক্ষের তারা মিয়া (৫৬) ২৯ জানুয়ারির সংঘর্ষে আহত হয়ে একটি ক্লিনিকে চিকিৎসাধীন। তিনি জানান, তিনি বাবার মুখে শুনেছেন, তাঁর দাদার সময়েও এ দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ছিল।
মাতবরপাড়ার বৃদ্ধা ডালিয়া বেগম বলেন, ‘ঘর ভাঙচুরে সবকিছু লুট করে নিয়ে গেছে। বর্গাজমি চাষ করে ছাওয়ালরা সংসার চালায়। পাঁচ ছাওয়ালই মামলার আসামি। তারা বাড়িছাড়া। ফসলও মাঠেরতে চুরি হচ্ছে। না খাইয়ে মরতি হবেনে।’
একই পাড়ার শিফালী বেগম (৩৫) নামের এক গৃহবধূ বলেন, ‘মামলার আসামি হয়ে মানুষটা পলায় বেড়াচ্ছে। ছোট ছাওয়াল-মাইয়ে নিয়ে ভয়ে রাত্তিরি ঘোম আসে না।’
পূর্বপাড়ার স্কুলশিক্ষক মোহাসীন উদ্দীন হত্যাসহ পাঁচ মামলার আসামি। এক ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি চার মামলার আসামি। আরেক ছেলে কৃষি কলেজের ছাত্র। তিনি ছয় মামলার আসামি। মোহাসীন উদ্দীন বলেন, ‘এসব মামলা ছাড়াও দুইবার আমার বাড়িঘর ভাঙচুর ও সবকিছু লুটপাট করা হয়েছে। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছি।’
গ্রামের প্রবীণ ব্যক্তি পূর্বপাড়া মসজিদের মুয়াজ্জিন টুকু শেখ (৭৫) বলেন, ‘আমি ছোটবেলা থেকে দেখে আসছি আধিপত্য বিস্তর নিয়ে এই দ্বন্দ্ব-সংঘাত। আমার চার ছেলেসহ আমি সাত মামলার আসামি।’
গ্রামের বাসিন্দা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শিপন শেখ গত সংঘর্ষের পর এ পর্যন্ত ২০ দিন ধরে স্কুলে যায়নি। গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তসলিমুজ্জামান জানান, সংঘর্ষ হলে এ স্কুলের ছেলেমেয়েরা কেউ স্কুলে আসে না। বাড়ি বাড়ি গিয়ে তাদের আনতে হয়।
মাতবরপাড়ার জালাল মাস্টার বলেন, ‘পূর্বপাড়ার লোকজন আমাদের পৈতৃক সম্পত্তি দখলে রেখেছে। তুচ্ছ ঘটনা নিয়ে তারা হামলা চালায়, নির্যাতন করে। মাঠের ফসল জোর করে নিয়ে যায়। আমরা এ প্রতিহত করি টিকে থাকার জন্য।’
আর পূর্বপাড়ার ইয়াছিন মোল্লা বলেন, ‘তারা পুরো গ্রামের আধিপত্য নিতে চায়। তাদের না জানিয়ে গ্রামের কেউ কোনো সামাজিকতা করতে পারবে না। তারা যা বলবে, তা না শুনলে অত্যাচার-নির্যাতন চালায়। এর প্রতিবাদ করলে হামলা, মামলা হয়।’
ওসি শেখ লুৎফর রহমান বলেন, স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের লোক ওই গ্রামের দ্বন্দ্ব-সংঘাত মেটাতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু কাজ হয়নি। উভয় পক্ষকে চাপে রাখা হয়েছে। অপরাধীরা যেন পার না পায়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।