দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই দল সন্দেহভাজন ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ নম্বর সেতুর পাহাড়ি এলাকায় আজ রোববার ভোররাত চারটার দিকে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক, ছয়টি গুলি ও একাধিক কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের বিবরণ অনুযায়ী, নিহত ব্যক্তির নাম সৈয়দ নুর ওরফে সোনা মিয়া (৩০)। তাঁর বাড়ি হ্নীলা ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদক ও নারী নির্যাতনের ১০টি মামলা আছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, দমদমিয়া পাহাড়ি এলাকায় ব্যাপক গুলিবিনিময়ের শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ চলতে থাকার বিষয়টি নিশ্চিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। লাশ থানায় আনা হলে গ্রাম পুলিশের সদস্য ও স্থানীয় লোকজন তা শনাক্ত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, নিহত ব্যক্তির মাথা, বুক ও পিঠে গুলির একাধিক চিহ্ন পাওয়া গেছে।
ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ডাকাতির মালামালের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ গুলিবিদ্ধ হতে পারে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।