দুই পদস্থ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার তদন্তের অংশ হিসেবে দুজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঁরা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ের সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্প পরিচালক এ কে এম শফিকুর রহমান।

দুদকসচিব আবু মো. মোস্তফা কামাল ওই দুই সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজনকেই রমনা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দুদক সূত্র।

দুদক সূত্র জানায়, চেক জালিয়াতির মামলায় শফিকুর রহমানকে গ্রেপ্তার করেন সংস্থার উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের জুলাই মাসে চেক জালিয়াতির অভিযোগে রাজধানীর গুলশান থানায় একটি মামলা করেন ব্যবসায়ী ফেরদৌস কবির। তদন্তের জন্য মামলাটি দুদকে আসে। উপপরিচালক এস এম রফিকুল ইসলাম মামলাটির তদন্তের দায়িত্ব পান। ওই মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠার একটি প্লট দেওয়ার নামে ৮১ লাখ ৫০ হাজার টাকা নেন শফিকুর রহমান। কিন্তু প্লট দিতে পারেননি তিনি। পরে টাকা ফেরত দেওয়ার নামে তাঁর সঙ্গে চেক জালিয়াতি করেন।

গ্রেপ্তার হওয়া বিআরটিএ কর্মকর্তা আবু আশরাফ সিদ্দিকী ভুয়া কাগজপত্রের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন করিয়ে দিয়ে ৩০ লাখ টাকারও বেশি সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে করা পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল বিকেলে কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের দুই উপপরিচালক মির্জা জাহিদুল আলম ও এস এম রফিকুল ইসলাম।

সূত্র জানায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর কক্সবাজার বিআরটিএর সে সময়ের সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকীসহ ছয়জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়। মামলার অপর পাঁচজন আসামি হলেন, পাঁচটি গাড়ির মালিক হারুন অর রশিদ বাহাদুর, নুরুল ইসলাম, ফয়েজ আহমেদ, শাহাজাহান খান ও নাসিরউদ্দিন।