গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম দুই পরিকল্পনাকারী ও সন্দেহভাজন গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে নিহত হন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। তাঁরা হলেন বাশারুজ্জামান ওরফে চকলেট এবং মিজানুর রহমান ওরফে ছোট মিজান। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে বিশেষ অপরাধ সভায় এসব জানানো হয়। সভায় উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া ওই অভিযানে লোকমান হাকিম নামে আরেকজন নিহত হন, যিনি ৩০ মার্চ মৌলভীবাজারের নাসিরপুরে অভিযানে নিহত হয়েছিলেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল। কাউন্টার টেররিজম ইউনিটের সূত্রগুলো জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য পেয়েছে পুলিশ। ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহেল মাহফুজকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
গত ২৬ ও ২৭ এপ্রিল শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী গ্রামে রফিকুল ইসলাম ওরফে আবুর বাড়িতে ‘অপারেশন ঈগল হান্ট’ নামের অভিযানটি চালায় পুলিশের কাউন্টার টেররিজম। ওই অভিযানের পর জানানো হয়, রফিকুলসহ চারজন নিহত হয়েছেন। এরপর ২৯ এপ্রিল কাউন্টার টেররিজম ইউনিট জানায়, ওই অভিযানে নিহত চারজনের একজন ঝিনাইদহের আস্তানা থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ আবদুল্লাহ। তিনি ধর্মান্তরিত মুসলমান। ওই বক্তব্যের নয় দিনের মাথায় গত ৮ মে কাউন্টার টেররিজম ইউনিট জানায়, ধর্মান্তরিত আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে মারা যাননি, তিনি গত ৭ মে ঝিনাইদহে অপারেশন শাটল স্প্লিটে নিহত হন।
এরপর কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেন, মাহফুজকে জিজ্ঞাসাবাদ করে আরও জানা যায়, মোলভীবাজারের নাসিরপুরে অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত সাতজনের মধ্যে লোকমান হাকিম ছিলেন না। এত দিন ধারণা করা হচ্ছিল যে সেখানে লোকমান, তাঁর স্ত্রী ও কন্যারা একসঙ্গে নিহত হয়েছেন। সেখান থেকে একজন পুরুষ, চারটি শিশু ও দুজন নারীর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। ৩০ মার্চ মৌলভীবাজারে ওই অভিযান হয়। সোহেল মাহফুজ গ্রেপ্তার হওয়ার পর জানা যায়, ৩০ মার্চ মৌলভীবাজারের অভিযানের পরও লোকমান হাকিম তাঁর (সোহেল মাহফুজের) সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে সাক্ষাৎ করেন। মৌলভীবাজারের বড়হাটে ছয়জন নারী-শিশুর সঙ্গে নিহত ব্যক্তির নাম মাহফুজ। তিনি আসলে লোকমান হাকিমের জামাতা। এই মাহফুজ নব্য জেএমবির অন্যতম বোমা কারিগর ছিলেন। তিনি টাঙ্গাইলের একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন।
গতকাল পুলিশের অপরাধ সভায় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জে নিহত অপর দুই ব্যক্তি হলেন বাশারুজ্জামান ও ছোট মিজান। বাশারুজ্জামানের আরেকটি সাংগঠনিক নাম শাহেদ, তিনি নব্য জেএমবিতে ১১ দিনের জন্য আমির ছিলেন।
গত মাসে পুলিশ জানিয়েছিল, বাশারুজ্জামান, ছোট মিজান, সোহেল মাহফুজসহ মাত্র পাঁচজনকে ধরতে পারলে হোলি আর্টিজান মামলার তদন্ত শেষ করা যাবে। এখন হোলি আর্টিজানে হামলায় যুক্ত আর মাত্র দুজনকে ধরার বাকি রয়েছে। তাঁরা হলেন হাদিসুর রহমান সাগর ও রাশেদ ওরফে র্যা শ।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্র জানায়, যে সময় বাশারুজ্জামান নিহত হয়েছিলেন বলে বলা হচ্ছে, তার অন্তত ছয় মাস আগে কোনো একটি বাহিনীর হাতে তিনি আটক হন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। এমনকি গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরের বাসা থেকে গ্রেপ্তারের পর নিহত জঙ্গি তানভীর কাদরির কিশোর ছেলে তাহরিম কাদরি আদালতে দেওয়া জবানবন্দিতেও বাশারুজ্জামান নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টির উল্লেখ রয়েছে। ওই জবানবন্দিতে বলা হয়, হোলি আর্টিজানে হামলার আগে তামিম চৌধুরী, বাশারুজ্জামান ও মারজান তাঁদের বসুন্ধরার বাসায় ব্যাগে ভরে অস্ত্র নিয়ে এসেছিলেন। গুলশানে হামলার কয়েক দিন পর তাঁরা পল্লবীতে থাকতেন, পরে আজিমপুরে চলে যান।
পরে ১০ সেপ্টম্বর আজিমপুরের ওই আস্তানায় অভিযান চালায় পুলিশ। তাতে শিশুসন্তানসহ বাশারের স্ত্রী শারমীন গ্রেপ্তার হন।
বাশারুজ্জামান ২০০৩ সালে রাজশাহীর নিউ মডেল ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকার ধানমন্ডির আইএসটিতে কম্পিউটার বিজ্ঞানে ভর্তি হন। তিনি বিভিন্ন তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠানে চাকরিও করেছেন।