দুই পরিচ্ছন্নতাকর্মীর কাছে ৪০টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন জাফর ইকবাল ও জয়দেব দাস। এঁদের কাছ থেকে সোনার ৪০টি বার জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, জাফর ইকবাল ও জয়দেব দাস বাংলাদেশ বিমানের পরিচ্ছন্নতাকর্মী। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাজ করছিলেন তাঁরা। এরপর এই দুই কর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো সোনার চালান শরীরের সঙ্গে বিশেষ কৌশলে নিয়ে পাচার করছিলেন। গোপন সংবাদ পেয়ে জাফর ও জয়দেবের দেহ তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা সোনার ৪০টি বার জব্দ করেন। জব্দ হওয়া সোনার পরিমাণ ৪ কেজি ৬৪০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩ লাখ টাকা।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রায় আড়াই কেজি সোনা পাচারের অভিযোগের মুহাম্মদ আবু তালেবকে গ্রেপ্তার করেন শুল্ক গোয়েন্দারা। তালেব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) নিরাপত্তারক্ষী। এ ঘটনার পাঁচ দিন আগে গত ২৪ জানুয়ারি প্রায় পৌনে পাঁচ কেজি সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে মোস্তফা কামাল নামে বিমানের আরেকজন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।