দুই পরিবারকে গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে এক তরুণ ও এক কিশোরীকে নির্যাতনের পর তাদের পরিবারকে গ্রামছাড়া করেছেন সালিসকারীরা। পরকীয়ার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সালিস করেন।
ভুক্তভোগী কিশোরী চার সালিসকারীসহ সাতজনের বিরুদ্ধে গতকাল রোববার গৌরনদী থানায় মামলা করেছে। পুলিশ এক সালিসকারীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় লোকজন, ভুক্তভোগী দুই পরিবার ও সালিসকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের একজন বিবাহিত তরুণের (২৮) সঙ্গে প্রতিবেশী একটি মেয়ের (১৭) অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে গত ৩০ এপ্রিল রাতে বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল দেওয়ান, সদস্য আবুল হোসেন ফকির, বাচ্চু ফকির, মতিন খলিফার নেতৃত্বে এক বাড়িতে সালিস বৈঠক বসানো হয়। বৈঠকে ওই তরুণকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হয়। এরপর পিছমোড়া করে বেঁধে ফেলে রাখা হয়। চার মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকেও মারধর করা হয়। এরপর তরুণকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুটি পরিবারকেই গ্রামছাড়া করা হয়।
ওই তরুণের এক বোন বলেন, সালিস বৈঠকে মোড়লেরা (সালিসকারী) তাঁর ভাইয়ের ওপর নির্মম নির্যাতন করেন। পরে মেয়েটির গর্ভপাত ও থানার পুলিশকে ম্যানেজের নামে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানার অর্থ আদায়ের জন্য সাদা স্ট্যাম্পে তাঁর ভাইয়ের সই নেওয়া হয়। পরে জরিমানার ১০ হাজার টাকা পরিশোধের কথা বলে সাদা স্ট্যাম্পে তাঁর (ভাই) ভিটেমাটি লিখে নেন আবুল হোসেন।
ওই তরুণের বোন আরও বলেন, গ্রাম ছেড়ে তাঁদের পরিবার ভীষণ কষ্টে আছে। তাঁরা এখন পাশের ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
সালিসকারীদের নির্যাতনের শিকার মেয়েটির বাবা বলেন, ‘মোর মাইয়া না বুইজঝা অন্যায় করছে। হেইয়ার লাইগ্যা মাতবরগো (সালিসকারী) নির্দেশে মোর পরিবারের হগলডির গ্রাম ছাড়তে অইল।’
মেয়েটির বাবা আরও বলেন, তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামে একটি শণ-টিনের তৈরি ঘরে থাকতেন। সালিসের পর সেই ঘর ছেড়ে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানাজানি হলে গৌরনদী থানার পুলিশ তাঁদের খোঁজখবর নেয়।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতা আবুল হোসেন ফকির বলেন, যা কিছু হয়েছে তা গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। তিনি আরও বলেন, ‘ওই তরুণ পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন আগে আমার কাছে বিক্রি করেছে। মানবিক কারণে ওই সম্পত্তিতে তার পরিবারকে থাকতে দিয়েছিলাম। জরিমানা পরিশোধের জন্য তার তৈরি বসতঘর ও দোকানঘর ১০ হাজার টাকায় ক্রয় করেছি।’
আওয়ামী লীগের নেতা বুলবুল দেওয়ান বলেন, ‘আমি সালিস বৈঠকে উপস্থিত ছিলাম। কিন্তু রায় ওই বাড়ির মাতবররা দিয়েছেন। তবে অভিযুক্তরা স্বেচ্ছায় সিদ্ধান্ত মেনে নিয়ে চলে গেছে।’
গৌরনদী থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় মেয়েটি চার সালিসকারীসহ সাতজনের নামে মামলা করেছে। পুলিশ সালিসকারী বাচ্চু ফকিরকে গ্রেপ্তার করেছে।