দুই পরিবারের বিরোধ হামলায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় বসতভিটার জায়গা নিয়ে দুই পরিবারের বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম ছকিনা খাতুন (৭০)। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। হামলায় তাঁর তিন ছেলেও আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বড় বাড়ি এলাকায় ঘটনা ঘটে।
বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও পুলিশ সূত্র জানায়, বোয়ালিয়া গ্রামের বড় বাড়ির বাসিন্দা মফজল আহমদের (৭৪) সঙ্গে তাঁর চাচাতো ভাই আবু আহমদের (৬০) মধ্যে বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে মামলাও হয়েছে। পাশাপাশি দুটি ঘরে থাকে পরিবার দুটি। গত মঙ্গলবার বিকেলে বৃষ্টির সময় মফজলের ঘরের চাল থেকে গড়িয়ে পড়া পানি আবু আহমদের ঘরের বারান্দায় পড়েছে, এ অভিযোগ তুলে আবু আহমদের পরিবার। বৃষ্টি থেমে যাওয়ার পর দুই পক্ষে বিষয়টি নিয়ে বাদানুবাদ হয়। এর রেশ ধরে গতকাল দুই পক্ষ মারামারিতে জড়ালে ছকিনা খাতুন নিহত হন। আহত হয়েছেন তাঁর তিন পুত্র মো. রফিক, শাহ আলম ও মাহা আলম।
গতকাল সকালে বোয়ালিয়া এলাকার ওই বাড়িতে গেলে আহত মো. রফিকের স্ত্রী তানিয়া তাসরিন প্রথম আলোকে বলেন, সকালে বাড়ির কাছে তাঁর দেবর মাহা আলমের ওপর প্রতিপক্ষের লোকজন দা-কিরিচ নিয়ে অতর্কিত হামলা চালায়। পেয়ে তাঁর স্বামী, দেবর ও শাশুড়ি ঘর থেকে বের হলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। ওই সময় মাথায় কিরিচের কোপের আঘাতে তাঁর শাশুড়ি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবু আহমদের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ঘরে তালা ঝুলছিল।
হামলার বিষয়ে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে কিরিচসহ তিনটি রক্তমাখা চাকু উদ্ধার করেছেন তাঁরা।
ছকিনার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। গতকাল দুপুরে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।