নওগাঁ পৌরসভার শিবপুর মৌজাহাট এলাকায় দুটি পরিবারের ২৮ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবার দুটির সদস্যরা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই জমির একাংশের মালিক দাবি করে সুমন কুমার মহন্ত বলেন, ‘দখল করে নেওয়া জমির ১৪ শতাংশের মালিক পৈতৃকসূত্রে আমি। বাকি ১৪ শতাংশের মালিক আমার মাসতুতো ভাই গোপাল কুমার। কয়েক বছর আগে হাট শিবপুর গ্রামের তাপস কুমার আমাদের কাছ থেকে এ জমি বর্গা নেন। ওই জমি চাষাবাদ করে ফসলের ন্যায্য হিস্যা আমাদের দিয়ে আসছিলেন। কিন্তু গত ১৩ ফেব্রুয়ারি ওই জমিতে উৎপাদিত ফসলের হিস্যা নিতে গেলে তিনি নিজেকে ক্রয়সূত্রে এ জমির মালিক দাবি করেন। আমাদের ফসলের হিস্যা দিতে অস্বীকৃতি জানান।’
সুমন কুমার আরও বলেন, ওই জমির প্রকৃত মালিক তাঁর নানা রাম নারায়ণ। ওই জমি নানা তাঁর মা রেনুকা মহন্ত ও মাসি ষষ্ঠী রানীকে লিখে দিয়ে যান। সেই সূত্রে তিনি ও তাঁর মাসতুতো ভাই গোপাল এ জমির মালিক। ১৭ মার্চ ওই জমি তাঁরা আবদুল মালেক, এহসান আলী ও মাসুদ রানা নামের তিন ব্যক্তির কাছে বিক্রি করেন। কিন্তু তাঁরা ওই জমির দখল নিতে গেলে তাপস কুমার লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা করেন। ভবিষ্যতে ওই জমির আশপাশে গেলে হত্যার হুমকি দেন। মারধরের ঘটনা ও জোরপূর্বক জমি দখলের এ ঘটনায় গোপাল কুমার ৮ এপ্রিল সদর থানায় লিখিত অভিযোগ দেন।
হামলার অভিযোগ অস্বীকার করে তাপস কুমার বলেন, তিনি ১৯৬৯ সালে ওই জমির প্রকৃত মালিক রাম নারায়ণের কাছ থেকে কবলা করেন। এখন জমির প্রকৃত মালিক তিনি। এ জমিতে সুমন, গোপাল কিংবা অন্য কোনো ব্যক্তির আসার কোনো অধিকার নেই।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।