দুই পর্যটকসহ চারজনের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি থেকে দুই পর্যটকসহ অপহৃত চারজন সম্পর্কে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের ধারণা, আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সদস্যরা ওই চারজনকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে গেছে।
অপহৃত দুই পর্যটকের নাম আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন। তাঁদের গত শনিবার অপহরণ করা হয়। এ সময় তাঁদের সঙ্গে স্থানীয় দুই গাইড লালরিং সাং বম ও মাংসাই ম্রোকেও অপহরণ করা হয়। জুবায়ের ও জাকিরের সঙ্গে ঢাকা থেকে রাঙামাটিতে এসেছিলেন আবু তালেব মিয়াজি ওরফে সাগর নামের আরেক পর্যটক। অপহরণের আগের রাতেও তাঁরা একসঙ্গে ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, অপহরণকারীরা কেওক্রাডং পাহাড়ের এক কার্বারীর (পাড়াপ্রধান) সঙ্গে মুঠোফোনে আলাপকালে নিজেদের আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সদস্য বলে পরিচয় দিয়েছে। তারা মুক্তিপণের ব্যাপারে গতকাল মঙ্গলবারের মধ্যে জানাবে বলেছিল।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, দুই পর্যটক ও দুই গাইডকে গত শনিবার সেপ্রুপাড়া থেকে অপহরণ করা হয়। সেখান থেকে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমানা মাত্র ১০-১২ কিলোমিটার দূরে। ওই সীমানাকে কেন্দ্র করে ভারত ও মিয়ানমারে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গোপন আস্তানা রয়েছে। ওই গোষ্ঠীগুলো যে দেশের পরিস্থিতি ভালো মনে করে, পরিস্থিতি বুঝে সীমান্ত অতিক্রম করে সে দেশে আশ্রয় নিয়ে থাকে। তাদের মধ্যে দলছুট এএলপির একটি অংশ সীমান্ত এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তারা স্থানীয়ভাবে ‘পাঁচ শ টেক্যা পার্টি’ (সীমান্ত এলাকায় জুমের মৌসুম শেষে পরিবারপিছু ৫০০ টাকা চাঁদা আদায় করত বলে এই নাম) হিসেবে পরিচিত হলেও নিজেদের এএলপি পরিচয় দেয়। নিরাপত্তা বাহিনী তৎপর হওয়ায় এ ধরনের সন্ত্রাসী তৎপরতা তিন বছর বন্ধ ছিল।
বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমা ও ইউপি সদস্য জামায়া তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, দুই পর্যটকসহ চারজনকে সম্ভবত ওই ‘পাঁচ শ টেক্যা পার্টিই’ ধরে নিয়ে গেছে। বড়থলি থেকে স্থানীয় একটি দল অপহৃত ব্যক্তিদের খোঁজ নিতে আজ বুধবার সীমান্তের দিকে যাবে।
সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী ও রুমা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, অপহৃত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাঁদের সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে। পাশাপাশি সম্ভাব্য অবস্থানগুলোতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বগালেক এলাকায় স্থানীয় হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে গতকাল মতবিনিময় করা হয়েছে।

আরও পড়ুন: