দুই পাখি শিকারির দণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার পাখিসহ তাঁদের আটক করে এই সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেন্দিয়াতা গ্রামের দুই ভাই মো. এমরান মিয়া (২৫) ও রব্বানী মিয়া (১৯)।
পুলিশ জানায়, আজ সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অঞ্জন কুমার দাস ও মো. নাহিদ হাসান খানের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের লেচুয়ামারা বিলে অভিযান চালানো হয়। এ সময় হাওরে জাল দিয়ে অবৈধভাবে পাখি শিকারের দায়ে এমদাদ ও রব্বানীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী হাকিম অঞ্জন কুমার দাস জানান, টাঙ্গুয়ার হাওরে শীতের সময় অতিথি পাখি আসে। এতে হাওরে পাখি শিকারিদের তৎপরতা বেড়ে যায়। কয়েক দিন ধরেই হাওরে অভিযান চালানো হচ্ছে। গত মঙ্গলবার রাতেও দুজনকে আটক করে জরিমানা করা হয়েছে। এটা অব্যাহত রয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) তপন দাস জানান, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।