দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর কলাবাগান থেকে গত রোববার গভীর রাতে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ফেরদৌস ইসলাম (৪১) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ১০টি গুলি উদ্ধার করা হয়। তবে পিস্তলটি নিজের বৈধ অস্ত্র বলে দাবি করেছেন ফেরদৌস।
পুলিশের দাবি, রোববার গভীর রাতে মদ্যপ অবস্থায় ফেরদৌস পুলিশ সদস্যদের ওপর গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তিনি আহত হন। ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি পরিচয়দানকারী ফেরদৌস সাংবাদিকদের কাছে মদ পানের কথা স্বীকার করেছেন। তবে পুলিশের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে ধরে দুই পায়ে গুলি করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন ফেরদৌস ইসলাম গতকাল জানান, তিনি পরিবারের সঙ্গে মিরপুর-২ নম্বরের দক্ষিণ মণিপুরে থাকেন। রোববার রাত ১০টার দিকে হাতিরপুল এলাকা থেকে মোটরসাইকেলে মিরপুরে যাচ্ছিলেন। পথে ভূতের গলিতে একটি হিউম্যান হলার (লেগুনা) থেকে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তাঁর পথ আটকায়। সন্দেহ হওয়ায় তিনি নিজের পিস্তল বের করেন। এরপর পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা ফেরদৌসকে চলে যেতে বলেন। এরপর কিছুটা এগিয়ে এলে ভূতের গলি মসজিদের কাছে একটি পুলিশ ভ্যান তাঁকে থামার সংকেত দেয়। তিনি থামলে পুলিশ তাঁর দেহ তল্লাশি করে সঙ্গে থাকা পিস্তল ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ নিয়ে সেখানকার পুলিশ সদস্যদের সঙ্গেও তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এক পুলিশ সদস্য তাঁর দুই পায়ে গুলি করেন। পরে ভোর পৌনে চারটার দিকে তাঁকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তবে কলাবাগান থানার পুলিশ জানিয়েছে, রোববার রাত আড়াইটার দিকে উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডলের নেতৃত্বে একটি দল ভূতের গলিতে টহল দিচ্ছিল। এ সময় সেখানে তারা একটি মোটরসাইকেলে ফেরদৌসকে বসে থাকতে এবং পাশে একটি বাড়ির দরজায় দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সন্দেহ হলে তারা এগিয়ে এলে ফেরদৌস অস্ত্র উঁচিয়ে বলেন, ‘যা এখান থেকে, নাইলে গুলি করব।’ নিজেকে যুবলীগের নেতা পরিচয় দেন তিনি। মনিরুজ্জামান মণ্ডল ওই জায়গা থেকে সরে গিয়ে আরেকটি টহল দলকে বিষয়টি জানান। সেই টহল দলের এসআই মনিরুজ্জামান খান ফেরদৌসকে ধাওয়া করতে বলেন। এরপর পুলিশ তাঁদের ধাওয়া দিলে তিনি পুলিশকে লক্ষ্য করে দুটি গুলি করেন। পুলিশও পাল্টা গুলি করে। তিনি পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করার সময় পুলিশের কাছে ধরা পড়েন। তাঁর সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। পুলিশ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করেছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের বলেন, কলাবাগানের সেন্ট্রাল রোড দিয়ে মদ্যপ অবস্থায় এলোমেলোভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ফেরদৌস ইসলাম। এ সময় টহল পুলিশ তাঁকে থামার নির্দেশ দেয়। কিন্তু তিনি না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করলে তিনি গুলি করেন। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে তাঁর পায়ে লাগে।
পুলিশ জানায়, সম্প্রতি মিরপুর থানায় ফেরদৌসের বিরুদ্ধে বৈধ অস্ত্রের অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করেছে।