
কুষ্টিয়া পৌরসভার প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ নবাব সিরাজউদ্দৌলা সড়কের (এন এস রোড) দুই পাশ ও পানিনিষ্কাশনের নালা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরা পড়ছেন ভোগান্তিতে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার সামনে থেকে শুরু হওয়া এই সড়কের পাশে নালার ওপর বেশ কয়েকটি অবৈধ দোকান। ডান পাশের স্যানেটারি ও টাইলসের দোকানের সামনে তাদের নিজস্ব জিনিসপত্র রাখা। সড়কের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে ফুটপাতের ওপর পোশাক ও রকমারি পণ্যের অস্থায়ী ১৮টি দোকান আছে। পৌরসভা থেকে সেখানে লোকজনের বসার জন্য বেঞ্চ করে দেওয়া হলেও তা এখন দোকানদারদের দখলে।
পোশাক দোকানদার ওবাইদুর রহমান বলেন, ‘এভাবে দীর্ঘদিন থেকেই ব্যবসা করে আসছি। একজন লোক সপ্তাহে ২০ থেকে ৫০ টাকা করে নিয়ে যান।’ তবে তাঁর নাম জানাতে পারেননি তিনি।
গণগ্রন্থাগারের পাশেই বেশ কয়েকটি অবৈধ বেকারি দোকান। এসব দোকানের মালিকেরা সামনের ফুটপাত ও নালার ওপরের প্রায় সাত ফুট করে জায়গা দখল করে রেখেছেন। ইসলামিয়া কলেজের সামনের গলিতেও বিক্রেতারা সড়কের ওপর হাঁড়িপাতিল রেখে ব্যবসা করেন। বড় বাজারের খাদ্যসামগ্রী, মনিহারি ও স্টেশনের দোকানগুলোর সামনেও একই অবস্থা।
পথচারী শাহজাহান বলেন, বেশি মুনাফার আশায় বিক্রেতারা সড়কের ওপর জিনিসপত্র রাখছেন। কিন্তু এতে চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সড়কের মজমপুরের সারথি মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত উভয় পাশে ফুটপাতের ওপর স্টিলের বিভিন্ন পণ্যসামগ্রী রাখা হয়। অনেক বিক্রেতা আবার তাঁদের দোকানের সামনে নালার ঢাকনা পাকা করে বন্ধই করে নিয়েছেন। এতে নালাগুলো ঠিকমতো পরিষ্কার করা যায় না।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, ফুটপাত ব্যবহার করা নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টি সবার নজরে আসা উচিত।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, পৌরসভা থেকে প্রায়ই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিছুদিন যেতে না যেতেই তা আবার আগের অবস্থায় ফিরে যায়। তবে ওই সড়কের দুই পাশে প্রশস্ত ফুটপাত নির্মাণের জন্য একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না।