দুই পীরের দ্বন্দ্বেই ফরহাদ খুন
দুই পীরের দ্বন্দ্বের কারণেই গত সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তাঁর পালিত কন্যা রুপালি বেগম (১৮) খুন হয়েছেন। আজ শুক্রবার রাতে দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ঘটনার পুরো রহস্য পুলিশ উদ্ঘাটন করেছে।
এর আগে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলার পাথরবাটি গ্রামের পীর মো. ইছাহাক আলী ও বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামে ফরহাদ হোসেন চৌধুরীর খানকার প্রধান খাদেম মো. সাইদুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার বলেন, এ হত্যাকাণ্ডে সাতজন জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ছাড়াও অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের শিকার ফরহাদ চৌধুরী কুড়িগ্রাম জেলার পাথরবাটি গ্রামের কথিত পীর ইছাহাক আলীর কাছ থেকে বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (রা.)-এর তরিকা লাভ করেছিলেন। মুরিদ হওয়ার পর ফরহাদ চৌধুরী ইছাহাক আলীকে দরবার আধুনিকীকরণ, তাঁর বাড়িঘর নির্মাণসহ মুরিদদের কল্যাণে বিপুল অর্থ দিয়েছিলেন। কিন্তু ইছাহাক আলী সেই অর্থের কোনো হিসাব দেননি। ২০০৮ সালে ফরহাদ চৌধুরীর মতামত উপেক্ষা করে ইছাহাক আলী স্থানীয় ইউপি নির্বাচনে প্রার্থী হন এবং হেরে যান। সেই ঘটনাকে কেন্দ্র করে ফরহাদ চৌধুরীর সঙ্গে ইছাহাক আলীর দ্বন্দ্ব শুরু হয়। এরপর ২০০৯ সালে ফরহাদ চৌধুরী নিজ গ্রামে নিজেই খানকা খুলে বসেন। নিজেকে পীর ঘোষণা করেন। পীর হওয়ার পর ফরহাদ চৌধুরীর মুরিদের সংখ্যা বাড়তে থাকে। বোচাগঞ্জ ছাড়াও সিরাজগঞ্জ, রাজশাহী, ঠাকুরগাঁও ও দিনাজপুরের দাউদপুরে আরও পাঁচটি খানকা খুলে বসেন। এ অবস্থায় ফরহাদ চৌধুরীকে থামাতে হত্যার পরিকল্পনা করেন ইছাহাক আলী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ইছাহাক আলীর কুড়িগ্রামের বাড়িতে খানকায়ে বোচাগঞ্জের অনেকেই যাতায়াত করতেন। ইছাহাক আলী বোচাগঞ্জে তাঁদের বাড়িতে আসতেন। এর মধ্যে খানকার পাশে পেয়ারা বাগানে কীটনাশক প্রয়োগ করাকে কেন্দ্র করে গত এক মাস আগে ফরহাদ চৌধুরী তাঁর প্রধান খাদেম মো. সাইদুর রহমানকে গালাগাল করেন। এতে খাদেম ফরহাদ চৌধুরীর উপর প্রচণ্ড চটে যান। এক মাস ধরে তিনি খানকায় আসা বন্ধ করে দেন।
মো. হামিদুল আলম বলেন, গত রোববার পাথরবাটি গ্রামে ইছাহাক আলীর খানকায় তিন দিনব্যাপী ওরস শেষ হয়। বোচাগঞ্জ থেকে বাস ভাড়া করে অনেক মুরিদ যোগ দেন। সেখানেই ইছাহাক আলীসহ ফরহাদ চৌধুরী বিরোধীদের গোপন বৈঠক হয়। বৈঠকে ফরহাদ চৌধুরীকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়।
১৩ তারিখ সকালে ওরস থেকে ফেরেন মুরিদরা। সোমবার বিকেলে ফরহাদ চৌধুরী ও রূপালী বেগম খানকায় আসেন। খাদেম সাইদুরসহ ছয়জন রাতে খানকায় আসেন। পরিকল্পনামতো রাত আটটার দিকে সাইদুর খানকার দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে রূপালী বেগম সাইদুরের পরিচয় পেয়ে দরজা খুলে দেন। ওই সময় ফরহাদ চৌধুরী তাঁর নিজ কক্ষে ছিলেন। একসঙ্গে ছয়জন খানকায় প্রবেশ করে দুজন রূপালী বেগমের মুখ চেপে ধরে ভান্ডার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। প্রথমে রুপালীকে শ্বাস রোধ করে খুন করেন তাঁরা।
এরপর সাইদুর ফরহাদ চৌধুরীর ঘরের দরজায় টোকা দেন। প্রবেশের অনুমতি নিয়ে একসঙ্গে সবাই তাঁর ঘরে ঢোকেন। তাঁকে খুন করে ছয়জনই একসঙ্গে বেরিয়ে যান।
পুলিশ সুপার বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী পীর ইছাহাক আলী ও খাদেম সাইদুর রহমান পুরো ঘটনার বনর্ণা পুলিশ ও আদালতের কাছে দিয়েছেন। খুনিরা সবাই বোচাগঞ্জ এলাকার মানুষ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, পুলিশের কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন, গোয়েন্দা শাখার সহকারী পরিদর্শক মো. বজলুর রশিদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরহাদ চৌধুরী ও রূপালী বেগমের ময়নাতদন্তকারী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক মো. আমির উদ্দিন শুক্রবার প্রথম আলোকে বলেন, দুজনের বুকে একটি করে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের ক্ষত রয়েছে। যা তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন বলে জানান।