দুই পীরের দ্বন্দ্বের কারণেই গত সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তাঁর পালিত কন্যা রূপালী বেগম (১৮) খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
গতকাল দুপুরে কুড়িগ্রামের পাথরবাটি গ্রামের পীর মো. ইসাহাক আলী ও বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের ফরহাদ চৌধুরীর খানকার প্রধান খাদেম মো. সাইদুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার বলেন, এই হত্যাকাণ্ডে সাতজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার দুই ব্যক্তি ছাড়াও অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের শিকার ফরহাদ কুড়িগ্রামের পাথরবাটি গ্রামের কথিত পীর ইসাহাক আলীর কাছ থেকে বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর তরিকা লাভ করেছিলেন। মুরিদ হওয়ার পর ফরহাদ ইসাহাক আলীকে দরবার আধুনিকীকরণ, তাঁর বাড়িঘর নির্মাণসহ মুরিদদের কল্যাণে বিপুল অর্থ দিয়েছিলেন। কিন্তু ইসাহাক আলী সেই অর্থের কোনো হিসাব দেননি। ২০০৮ সালে ফরহাদের মতামত উপেক্ষা করে ইসাহাক আলী স্থানীয় ইউপি নির্বাচনে প্রার্থী হন এবং হেরে যান। সেই ঘটনাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে ইসাহাক আলীর দ্বন্দ্ব শুরু হয়। এরপর ২০০৯ সালে ফরহাদ নিজ গ্রামে নিজেই খানকা খুলে বসেন। নিজেকে পীর ঘোষণা করেন। পীর হওয়ার পর ফরহাদের মুরিদের সংখ্যা বাড়তে থাকে। বোচাগঞ্জ ছাড়াও সিরাজগঞ্জ, রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুরের দাউদপুরে পাঁচটি খানকা খোলেন। এ অবস্থায় ফরহাদকে থামাতে হত্যার পরিকল্পনা করেন ইসাহাক।
পুলিশ সুপার জানান, ইসাহাক আলীর কুড়িগ্রামের বাড়িতে খানকায় বোচাগঞ্জের অনেকে যাতায়াত করতেন। ইসাহাক বোচাগঞ্জে তাঁদের বাড়িতে আসতেন। এর মধ্যে খানকার পাশে পেয়ারাবাগানে কীটনাশক প্রয়োগ করাকে কেন্দ্র করে এক মাস আগে ফরহাদ তাঁর প্রধান খাদেম মো. সাইদুর রহমানকে গালাগাল করেন। এতে খাদেম ফরহাদের ওপর প্রচণ্ড চটে যান। এক মাস ধরে তিনি খানকায় আসা বন্ধ করে দেন।
গত রোববার পাথরবাটি গ্রামে ইসাহাক আলীর খানকায় তিন দিনব্যাপী ওরস শেষ হয়। বোচাগঞ্জ থেকে বাস ভাড়া করে অনেক মুরিদ সেখানে যোগ দেন। সেখানেই ইসাহাক আলীসহ ফরহাদের বিরোধীদের গোপন বৈঠক হয়। বৈঠকে ফরহাদকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয়।
সোমবার সকালে ওরস থেকে ফেরেন মুরিদেরা। ওই দিন বিকেলে ফরহাদ ও রূপালী খানকায় আসেন। খাদেম সাইদুরসহ ছয়জন রাতে খানকায় আসেন। পরিকল্পনামতো রাত আটটার দিকে সাইদুর খানকার দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে রূপালী সাইদুরের পরিচয় পেয়ে দরজা খুলে দেন। তখন ফরহাদ তাঁর নিজ কক্ষে ছিলেন। একসঙ্গে ছয়জন খানকায় প্রবেশ করে দুজন রূপালী বেগমের মুখ চেপে ধরে ভান্ডার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। প্রথমে রূপালীকে শ্বাসরোধে খুন করেন। এরপর সাইদুর ফরহাদের ঘরের দরজায় টোকা দেন। প্রবেশের অনুমতি নিয়ে একসঙ্গে সবাই তাঁর ঘরে ঢোকেন। তাঁকে খুন করে ছয়জনই একসঙ্গে বেরিয়ে যান।
পুলিশ সুপার বলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী পীর ইসাহাক আলী ও খাদেম সাইদুর রহমান পুরো ঘটনার বর্ণনা পুলিশ ও আদালতের কাছে দিয়েছেন। খুনিরা সবাই বোচাগঞ্জ এলাকার মানুষ।