দুই পুত্র হত্যার দায়ে এক পুত্রের বিচার চাইলেন বাবা

বেলা ১১টায় যখন কুমিল্লা শহরের ঢুলিপাড়া দক্ষিণ রসুলপুরে পৌঁছাই, তখন চারদিকে সুনসান নীরবতা। শুক্রবারের রাস্তাঘাট বেশ ফাঁকা। গলির ভেতরে কিছুটা যেতেই আবুল কালামের টিনশেড ঘর। ছয় দিন পরও সর্বত্র শোকের আবহ। শোকাহত বাবা আবুল কালাম কথা বলছিলেন সমবেদনা জানাতে আসা এক প্রতিবেশী প্রকৌশলীর সঙ্গে। দুই শিশুপুত্রের ছবি দেখিয়ে বাবা বারবার কাঁদছিলেন।
পরিচয় পেয়ে তিনি ছেলেদের নিয়ে তাঁর স্বপ্নের কথা বলছিলেন। তিন ছেলেই মেধাবী। বড় ছেলে মো. আল সফিউল ইসলাম জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পাস করার পর বিবিএ পড়ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। সেই ছেলেই আজ হত্যাকারী—সেটি কোনোভাবেই মানতে পারছিলেন না আবুল কালাম।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে বাসায় শ্বাসরোধে হত্যা করা হয় মেজো ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মেজবাউল হককে। মেহেদী হাসান প্রথম শ্রেণিতে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। ছোট ছেলে মেজবাউল হকও নার্সারিতে ভালো ফল করেছে। বাবার ইচ্ছা ছিল ছোট দুই ছেলেকে ক্যাডেটে পড়াবেন।
আবুল কালামের দুই স্ত্রী। প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ঘরে সফিউল ও তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। অপর এক মেয়ে বাবার সঙ্গেই থাকে। সফিউল ঢাকায় পড়াশোনা করলেও ছুটিতে কুমিল্লায় আসত। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে আবুল কালাম যোগযোগ রাখতেন না। শহরের সংরাইশ এলাকায় থাকতেন প্রথম স্ত্রী।
বাবা যখন নিহত দুই পুত্রের ছবি দেখাচ্ছিলেন, তখন শোকস্তব্ধ মা শুয়ে ছিলেন। তিনি আবুল কালামের দ্বিতীয় স্ত্রী। আমাদের কথোপকথনের মাঝে উঠে বসলেন। আবুল কালাম তাঁকে পরিচয় করিয়ে দিলেন। ঘরের মেঝেতে দুই পুত্রের খেলনাগুলো পড়ে আছে। এসবই এখন বাবা-মায়ের একমাত্র স্মৃতি।
আবুল কালামের ধারণা, প্রথম স্ত্রীর প্ররোচনাতেই সফিউল তার দুই সৎভাইকে হত্যা করেছে। জিজ্ঞেস করি, প্রথম স্ত্রীকে তিনি ভরণপোষণ দিতেন কিনা? জবাবে বললেন, ‘তাঁর সঙ্গে যোগাযোগ ছিল না। তবে তাঁর অনুপস্থিতিতে মাঝেমধ্যে এখানে আসতেন। মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখতেন।’
আবুল কালামের দাবি, সাধ্যমতো তিনি ছেলেমেয়েদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছেন। কিন্তু তাদের মনের ইচ্ছাটি বোঝার চেষ্টা করেছেন কি না, তা তাঁর কথায় জানা গেল না।
আবুল কালামের দ্বিতীয় স্ত্রী রেখা আক্তারকে জিজ্ঞেস করলাম, বড় ছেলের আচরণে কখনো কি তাঁর সন্দেহ হয়েছে যে সে এ রকম কাজ করতে পারে? তিনি বললেন, ‘না, সন্দেহ হয়নি। তবে সে একবার সিলিং কেটে ঘরে ঢোকার চেষ্টা করেছিল।’
আবুল কালাম যোগ করলেন, ‘সফিউল প্রতি মাসে একবার কুমিল্লায় আসত টাকা নিতে। আমার অজ্ঞাতেও স্ত্রী তাকে টাকা দিত। কিন্তু গত দুই মাসে সে কুমিল্লায় আসেনি। ঘটনার আগের দিন এলেও তেমন কথাবার্তা হয়নি। পরদিন স্ত্রীকে নিয়ে জরুরি কাজে শ্বশুরবাড়ি যাই এবং সেখানে বসেই শুনি এ ঘটনা।’
তিনি আরও বললেন, ‘কষ্ট হলেও ছেলেকে লেখাপড়ার টাকা পাঠাতাম। ছেলেও ছোট ভাইদের আদর করত। কিন্তু হঠাৎ করে কী হলো, বুঝতে পারছি না।’
একটি হত্যাকাণ্ড পুরো পরিবারটিকে ঠেলে দিয়েছে গভীর অনিশ্চয়তার মধ্যে। দুই শিশুপুত্র খুন হয়েছে। আরেক পুত্র আসামির কাঠগড়ায়। জিজ্ঞেস করি, এর পেছনে সম্পত্তির কোনো বিষয় ছিল কিনা?
আবুল কালাম বললেন, ‘শুনেছি ছেলের মা তাকে বলেছে, ওই দুই শিশুকে হত্যা করতে পারলে সে সব সম্পত্তির মালিক হবে। কিন্তু তার এ কথা যাচাই করার উপায় নেই। পুত্র কারাগারে।’ প্রথম স্ত্রী কোথায় আছেন, তিনি জানেন না।
দুই শিশুপুত্রের হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে এ ধরনের পারিবারিক হত্যাকাণ্ড ঘটে থাকে।’
আবুল কালাম আমাদের আরেকটি ছবি দেখাচ্ছিলেন। এলাকায় মাদকবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য গত ২৫ নভেম্বর তাঁকে একটি ক্রেস্ট দেওয়া হয়।
তবে আবুল কালামের শেষ কথা, ‘আমার দুই পুত্রকে ফিরে পাব না। কিন্তু তাদের হত্যার ন্যায্য বিচার চাই। এমনকি আমার সন্তানও যদি অপরাধী হয় আমি চাই তার বিচার হোক।’
এভাবেই দুই শিশুপুত্র হত্যার দায়ে আরেক পুত্রের বিচার চাইলেন শোকাহত বাবা।