দুই পুলিশ কর্মকর্তা মুছাকে ধরে নিয়ে গেছে, দাবি স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন
চট্টগ্রামে এসপির স্ত্রী খুন

পুলিশের দুই কর্মকর্তা চট্টগ্রাম নগরের বন্দর এলাকার একটি বাসা থেকে কামরুল শিকদার ওরফে মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তিনি দুই কর্মকর্তার নামও বলেছেন। তাঁরা হলেন চট্টগ্রাম নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার পরিদর্শক নেজাম উদ্দিন। পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার মূল সন্দেহভাজন মুছা। পুলিশ বলছে, মাহমুদা হত্যার পরিকল্পনাকারী মুছা এখনো পলাতক।
স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে—এক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমের কাছে এ দাবি করছেন পান্না আক্তার। তবে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে স্বামীকে ধরে নিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্টভাবে তিনি দুই পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করলেন। তাঁর দাবি, গত ২২ জুন সকাল সাতটায় নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বন্দর থানার ওসি এবং এক পুলিশ পরিদর্শক তাঁর স্বামীকে ধরে নিয়ে যান। সংবাদ সম্মেলনে পান্না আক্তারের দুই ছেলে ও তাঁর বাবা ফারুক শিকদার উপস্থিত ছিলেন।
অবশ্য মুছাকে আটকের কথা অস্বীকার করেছেন বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন। তিনি গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি তো মামলার তদন্ত করছি না। মুছার খবর কীভাবে জানব।’
মুছার স্ত্রীর দাবির বিষয়ে পরিদর্শক নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর কর্মস্থল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখায়। মুছাকে ধরতে কোনো অভিযানে যাওয়ার কথা তিনি অস্বীকার করেন।
সংবাদ সম্মেলনে পান্না আক্তার বলেন, ‘স্বামীকে আটকের পর থেকে কোনো খবরাখবর পাচ্ছি না। সরকারের কাছে দাবি, আমার স্বামীকে জীবিত চাই। তাঁকে আদালতে হাজির করা হোক, কোনো দোষ করলে তাঁর বিচার হোক।’ তিনি বলেন, স্বামীকে আটক করার পর রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু তাঁকে বন্দর থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়। ভয়ে বন্দর থানায় যাননি তিনি।
মুছা কোন পুলিশ কর্মকর্তার সোর্স ছিলেন, সাংবাদিকদের এই প্রশ্নে পান্না আক্তার বলেন, তাঁর স্বামী বিএনপি সরকারের আমলেও কাজ করতেন, বর্তমান সরকারের আমলেও করেন। ২০০৩ সাল থেকে মুছা পুলিশের সোর্স হিসেবে কাজ করছেন। কিন্তু বাবুল আক্তারের কথা তাঁর স্বামীর কাছ থেকে তিনি কখনো শোনেননি।
ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে মুছাকে হত্যাকাণ্ডে অংশ নিতে দেখা গেছে, পুলিশের এই দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পান্না আক্তার বলেন, এটা পুলিশের সন্দেহ। ঘটনার দিন মুছা বাসায় ছিলেন। তিনি বলেন, ‘অনেকে বলছে, তাঁকে (মুছা) মেরে ফেলা হয়েছে। এটা বিশ্বাস করি না। আমার ধারণা, বেঁচে আছে।’ মুছাকে এই মামলায় জড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমার স্বামীর একটাই দোষ, তিনি বিএনপি করেন।’
গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।
এদিকে মাহমুদা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গত ৮ জুন চট্টগ্রামের হাটহাজারী থেকে আবু নছর ওরফে গুন্নু এবং ১১ জুন বায়েজিদ বোস্তামীর শীতল ঝরনা এলাকা থেকে শাহজামান ওরফে রবিন নামের দুজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গুন্নুর স্ত্রী পারভীন আক্তার সংবাদ সম্মেলন করে দাবি করেন, ৩০ লাখ টাকা নিয়ে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে এই মামলায় জড়িয়েছে। তাঁর স্বামী হাটহাজারীর একটি মাজারের খাদেম।
হত্যাকাণ্ডের ২১ দিন পর গত ২৬ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ ব্রিফিংয়ে বলেন, মুছার নেতৃত্বে মাহমুদা হত্যাকাণ্ড ঘটে। এতে সাত-আটজন অংশ নেন। গ্রেপ্তার গুন্নু ও রবিন এই ঘটনার সঙ্গে জড়িত, এমন তথ্য পুলিশ এখনো পায়নি।
গুন্নুর স্ত্রী পারভীন আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, বিনা দোষে তাঁর স্বামী কারাগারে রয়েছেন। ঈদের আগে তাঁর স্বামীকে মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানান তিনি।
গ্রেপ্তার আরেক আসামি শাহজামান রবিন পেশায় একজন রাজমিস্ত্রি। রিমান্ড শুনানির সময় তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবীও ছিলেন না।
জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল দুপুরে বলেন, আদালতে প্রতিবেদন দাখিলের সময় গুন্নু ও রবিনকে মামলা থেকে অব্যাহতি দিতে আবেদন করা হবে। তাঁরা জামিন আবেদন করলে পুলিশ কোনো বিরোধিতা করবে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, মাহমুদা হত্যায় গুন্নু ও রবিনের জড়িত থাকার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই দুজন ছাড়া এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। এঁদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক রয়েছেন মুছা, কালু, রাশেদ ও নবী।