দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৩, ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত রোববার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় ডাকাত ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের দুজন উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার মনকাশাইর এলাকায় একদল ডাকাত একটি যাত্রীবাহী বাসে ডাকাতি শুরু করে। টের পেয়ে টহলরত পুলিশ ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশের ওপর হামলা চালায়। এতে কসবা থানার এসআই বিল্লাল হোসেন ও ফিরোজ আহাম্মদ এবং কনস্টেবল ফারুক মিয়া আহত হন। একপর্যায়ে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইব্রাহিম খান (৩০) গুলিবিদ্ধ হন এবং অন্য ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে। রাতেই ইব্রাহিমকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইব্রাহিম আন্তজেলা ডাকাত দলের সর্দার।