দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বাড়িতে চুরি
চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে।
শহরের এতিমখানা পাড়ায় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীরের বাড়ি, সরকারি আদর্শ মহিলা কলেজ পাড়ায় এএসআই ওহিদুল ইসলামের বাড়ি ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হোসেন আলীর বাড়িতে চুরি হয়।
গোলাম বেনজীর বলেন, চোরের দল সীমানাপ্রাচীর টপকে তাঁর বাড়ির ভেতরে ঢোকে এবং বারান্দা থেকে পরিবারের সদস্যদের জামা-কাপড় চুরি করে নিয়ে যায়। এ ছাড়া বাড়ির মালিক শামসুল হক বাইরে থাকায় অন্য একটি কক্ষের তালা ভেঙে দুটি বাইসাইকেল ও পোশাক চুরি করে নিয়ে যায়। বিষয়টি তিনি গতকাল শনিবার সকালে পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে জানান। গতকাল বিকেল সাড়ে চারটায় সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) পিয়ার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই রাতে শহরের সরকারি আদর্শ মহিলা কলেজ পাড়ায় সদর থানার এএসআই ওহিদুল ইসলামের ভাড়া বাসায় চুরি হয়। ওহিদুল বলেন, তাঁর স্ত্রী ও একমাত্র সন্তান ঈদে গ্রামের বাড়িতে গেছে। তিনি রাতে টহলের দায়িত্বে ছিলেন। এ সময় চোরেরা বাসার প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ১০ হাজার টাকা, একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি ও জামা-কাপড় চুরি করে নিয়ে যায়। টহল শেষে গতকাল সকাল ছয়টায় বাসায় ফিরে তিনি চুরির ঘটনাটি বুঝতে পারেন। বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা শামসুজ্জামান বলেন, দোতলা বাড়ির নিচতলায় ভাড়াটে থাকে। তিনি সপরিবারের দোতলায় থাকেন। চোরেরা কখন প্রবেশ করেছে তা কেউই টের পাননি।
এ ছাড়া সোনালী ব্যাংক সরোজগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আলীর বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। এরপর বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। হোসেন আলীর ছেলে মাসুম আহমেদ বলেন, ঘটনার রাতে সবাই ঘরে থাকলেও কেউই তা টের পাননি। তাঁর ধারণা, চোরেরা চেতনানাশক কোনো স্প্রে ব্যবহার করে চুরি করেছে।
গত ২৪ মে রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামানের উপজেলা চত্বরের সরকারি দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে এবং ইউএনও ও তাঁর সন্তানকে
জিম্মি করে লুটপাট করে। এর দুই দিনের মাথায় কৃষি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহর বাড়িতে একই কায়দায় লুটের ঘটনা ঘটে। তারপর থেকে জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে একের পর এক চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ শুক্রবার রাতের ঘটনার পর থেকে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও এএসআইয়ের বাড়িতে চুরির বিষয়টি তিনি জানেন। তবে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির বিষয়ে কেউ জানায়নি।