রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আসামির মুঠোফোন ব্যবহারের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। হাসপাতাল থেকে প্রত্যাহার করে তাঁদের মহানগর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মাহমুদুল ইসলাম ও আবদুল কাইয়ুম। তাঁরা হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ১৩ মামলার আসামি কানু ওরফে সোনাদ্দী ওরফে কান্ডু মিয়ার (২৬) পাহারায় নিযুক্ত ছিলেন। সেখানে কান্ডু মিয়া প্রায়ই মুঠোফোনে কথা বলতেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে গতকাল শনিবার ‘পুলিশের পাহারায় চিকিৎসা: ফোন ব্যবহার আসামির’ শিরোনামে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, অভিযোগ ওঠার পরই ওই দুই পুলিশ সদস্যকে হাসপাতাল থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি সহকারী কমিশনারকে (ফোর্স) জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখবেন।
পুলিশ সূত্র জানায়, আসামি কান্ডু মিয়া ৩ সেপ্টেম্বর নওগাঁর নিয়ামতপুরে পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ের’ একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট পলাশবাড়ি এলাকায়। তাঁর বিরুদ্ধে কয়েকটি থানায় ডাকাতিসহ ১৩টি মামলা আছে।