
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার সাত মাস আগে ঢাকায় দুই পুলিশ সদস্যকে হত্যা করেছিল জঙ্গিরা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে মাহমুদা হত্যাটি পুলিশ পরিবারের বিরুদ্ধে জঙ্গিদের প্রথম পরিকল্পিত হত্যা। এর আগে জঙ্গিরা রাজধানীর গাবতলী ও ঢাকার আশুলিয়ায় দুই পুলিশ সদস্যকে হত্যা করেছিল ঘটনাচক্রে।
জঙ্গিদের হাতে নিহত সেই দুই পুলিশ হত্যা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশ বলছে, তদন্ত শেষ না হলেও এ ঘটনায় জড়িত কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পুলিশ খুনে সরাসরি জড়িত দুজন পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে তখন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল।
গত বছরের ২২ অক্টোবর রাতে রাজধানীর গাবতলী এলাকায় তল্লাশিচৌকিতে এক সন্দেহভাজনের ব্যাগ তল্লাশির সময় দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লাকে ছুরি মেরে হত্যা করা হয়। এর ১৩ দিনের মাথায় আশুলিয়ায় একটি তল্লাশিচৌকিতে হামলা চালিয়ে মুকুল হোসেন নামের একজন পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে। উভয় ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা হয়।
পুলিশ জানায়, গাবতলীতে এএসআই ইব্রাহিম হত্যার সময় ঘটনাস্থল থেকে পুলিশ মাসুদ রানা নামের জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করে। পরে মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঢাকা ও বগুড়ায় কয়েকটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচটি গ্রেনেডসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
তবে এএসআই ইব্রাহিম হত্যার পরদিন ২৩ অক্টোবর পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলা হয়। তাতে দুজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এ ঘটনাগুলোর তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এএসআই ইব্রাহিম হত্যায় জড়িত দুই জঙ্গি গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছে। তাঁরা হলেন মাসুদ রানা ও সজীব। মাসুদ রানা এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
তদন্ত-সংশ্লিষ্ট ডিবির একাধিক কর্মকর্তা বলেন, জবানবন্দিতে মাসুদ রানা বলেছেন, হোসেনি দালানে হামলার জন্য গত বছর ২২ অক্টোবর গাজীপুর থেকে ঢাকায় আসছিলেন জেএমবির তিন জঙ্গি মাসুদ রানা, হিরণ ওরফে কামাল ও সজীব। রাত সোয়া আটটার দিকে গাবতলী বাস টার্মিনালে নেমে কামরাঙ্গীরচরে যাওয়ার জন্য তাঁরা বেড়িবাঁধের দিকে হাঁটতে থাকলে পুলিশ থামতে বলে। মাসুদ রানা দৌড় দিলে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে দেন। সজীব আগেই হেঁটে পুলিশের নাগালের বাইরে চলে যান। হিরণের কাছে ব্যাগ দেখে পুলিশ তাঁকে থামায়। তখন হিরণ আলাদাভাবে কথা বলবেন বলে এএসআই ইব্রাহিসকে এক পাশে ডেকে নেন। এরপর ইব্রাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ১৩ জানুয়ারি রাতে রাজধানীর হাজারীবাগে ডিবির সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ হিরণ ও নোমান নিহত হন।
আশুলিয়ায় পুলিশ হত্যা: ডিবির কর্মকর্তারা বলেন, সাভারের বিকেএসপি এলাকায় প্রতিদিন প্রাতর্ভ্রমণে বের হওয়া এক বিদেশিকে হত্যা করতে পরিকল্পনা করেছিল জেএমবির এই দলটি। ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত ৪ নভেম্বর একটি মোটরসাইকেলে বের হন হিরণ, মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানি ও তারেক। তাঁরা ওই বিদেশিকে হত্যা করতে ব্যর্থ হন। ফেরার পথে আশুলিয়ায় নন্দনপার্কের সামনে তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালান। জঙ্গিদের ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল মুকুল। তখন অন্য পুলিশ সদস্যরা পালিয়ে বাঁচেন। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহফুজ ওরফে আলবানি ২৪ নভেম্বর রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় ডিবির সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, এই হত্যায় জড়িত হিরণ পরে আরেক বন্দুকযুদ্ধে নিহত হন। তারেককে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে গত ৩ এপ্রিল রাতে বগুড়ার শেরপুরে জঙ্গিদের ভাড়া করা একটি বাড়িতে বিস্ফোরণে নিহত দুজনের একজন এই তারেক বলে কর্মকর্তারা ধারণা করছেন।
পুলিশ সদস্য মুকুল হত্যা মামলাটি শুরু থেকে তদন্ত করছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা। এরপর গত ২২ মে তদন্তের দায়িত্ব পান ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফায়েজ।
এস এম ফায়েজ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, জড়িত তিনজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাঁদের সঙ্গে জড়িত পর্দার আড়ালে থাকা অন্যদেরও খোঁজা হচ্ছে।
ঢাকা মহানগর ডিবির একাধিক কর্মকর্তা বলেন, তাঁরা গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে গত জানুয়ারিতেই তথ্য পান যে জঙ্গিরা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে জেএমবির কথিত অপারেশন কমান্ডার হিরণ পুলিশের ওপর হামলার বিষয়ে বেপরোয়া ছিলেন। গত ১৩ জানুয়ারি রাতে ঢাকার হাজারীবাগে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে হিরণ নিহত হওয়ার পর জঙ্গিবিরোধী অভিযানে সক্রিয় কর্মকর্তারা কিছুটা স্বস্তি পান। কিন্তু গত রোববার চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার পর পুলিশ কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।