দুই পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের মামলায় পুলিশের দুই সদস্যসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল খান এ আলম ও পুলিশের সোর্স আল আমিন। সপ্তাহ খানেকের মধ্যে এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হতে পারে।
পুলিশের দুই সদস্য চট্টগ্রাম নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাঁদের বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তিনজনই এখন এই মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণে পুলিশের দুই সদস্যসহ তিনজনের বিরুদ্ধে সোনার বার ছিনতাইয়ের সত্যতা পাওয়া গেছে। সপ্তাহ খানেকের মধ্যে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। অভিযোগপত্রে ২২ জনকে সাক্ষী রাখা হয়েছে।
গত বছরের ২১ সেপ্টেম্বর নগরের লাভ লেন এলাকায় জুয়েলারি ব্যবসায়ী দোলন বিশ্বাসের কাছ থেকে র্যা ব ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ১০২ ভরি ওজনের আটটি সোনার বার ছিনতাই করা হয়। এ ঘটনার পরদিন তিনি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশের অভিযানে গত ১৪ ডিসেম্বর আল আমিনের কাছ থেকে চারটি এবং দুই পুলিশের কাছ থেকে দুটি করে সোনার বার উদ্ধার করা হয়। ওই দিনই দুজনকে বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন সোনার বার ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ২৯ ডিসেম্বর আসামিদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে পুলিশের দুই সদস্যসহ তিনজনই সোনার বার ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, পুলিশের অপরাধ কমাতে দ্রুত তদন্ত শেষে ঘটনার পাঁচ মাসের মধ্যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মামলার এজাহারে কোনো পুলিশ সদস্যের নাম উল্লেখ করেননি। শুধু র্যা ব-পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের কথা বলেছেন। তদন্তে পুলিশের দুই সদস্যসহ তিনজনের বিরুদ্ধে সোনার বার ছিনতাইয়ের সত্যতা পাওয়া যায়। পুলিশ কমিশনারের নির্দেশে দুই পুলিশকে সাময়িক বরখাস্ত এবং পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ঘটনার চার মাসের মাথায় তদন্ত শেষ করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
পুলিশ সদস্যদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে দেবদাস ভট্টাচার্য বলেন, দু-একজনের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। কিন্তু তাঁদের ছাড় দেওয়া হচ্ছে না। অভিযোগের সত্যতা পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া নিয়মিতভাবে পুলিশ সদস্যদের কাউন্সিলিং করা হচ্ছে।