দুই পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় নারীসহ দুই পোশাকশ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত থেকে ১২ ঘণ্টার ব্যবধানে জামগড়া ও নবীনগর এলাকা থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইলের লাভলু মিয়ার স্ত্রী মাহফুজা বেগম (৩১) এবং জামালপুর সদর উপজেলার মাছিমপুর গ্রামের তৈমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। মাহফুজা ও জাহাঙ্গীর পেশায় পোশাকশ্রমিক ছিলেন।

আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে লাভলুর সঙ্গে মাহফুজার বিয়ে হয়। মাস ছয়েক আগে তাঁরা আশুলিয়ায় চলে আসেন। জামগড়া এলাকায় থেকে মাহফুজা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর লাভলু মাঝেমধ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। বাড়ির মালিক এনায়েত মোল্লা বলেন, বুধবার রাত ১২টার দিকে তিনি লাভলুকে বাসায় ফিরতে দেখেন। পরদিন (বৃহস্পতিবার) সকালে ঘুম থেকে উঠে তাঁদের ঘরে তালা ঝুলতে দেখে তিনি মনে করেছিলেন, উভয়েই কাজে বের হয়ে গেছেন। ওই দিন রাত আটটা পর্যন্ত তাঁদের কেউ বাসায় না ফেরায় তাঁর সন্দেহ হয়। এরপর তিনি তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর মাহফুজার লাশ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মাহফুজার মা হাফিজা বেগম বলেন, দাম্পত্য কলহের জের ধরে জামাতাই তাঁর মেয়েকে হত্যা করেছেন। তিনি গতকাল শুক্রবার আশুলিয়া থানায় মামলা করেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অহিদ মিয়া বলেন, মাহফুজাকে গলা কেটে হত্যার পর তাঁর লাশ তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে লাভলু পলাতক।

এদিকে গতকাল সকাল নয়টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গলফ ক্লাবের সামনে থেমে থাকা একটি বাস থেকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার এসআই নাহিদ হাসান বলেন, জাহাঙ্গীর আশুলিয়ার শ্রীপুর এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, একটি ডাকাত দল ওই বাস দিয়ে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে যাত্রী তুলে যাত্রীদের মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। জাহাঙ্গীর এর প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়। স্থানীয় সূত্র জানায়, এর আগেও আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকায় রাতে বাসে যাত্রী তুলে যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এসব ডাকাতির ঘটনায়ও যাত্রীরা বাসে ওঠার পরপরই তাঁদের হাত-পা বেঁধে ফেলা হতো।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, জাহাঙ্গীরকে হত্যার আগে ওই বাস দিয়ে ডাকাতি করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে খুনিরা জাহাঙ্গীরকে শ্রীপুর থেকে কীভাবে নবীনগর নিয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।