দুই প্রতিষ্ঠানের এমডিসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে দুটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ১০ ফেব্রুয়ারি তাঁদের নোটিশ পাঠানো হয়।

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁরা হলেন—ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি শান্তনু সাহা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট কামাল পাশা এবং আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মুশতাক আহমেদ।

দুদক সূত্র জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টির অনুসন্ধান করছে।