দুই প্রতিষ্ঠানের জরিমানা ৫২ লাখ টাকা
বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকায় ঢাকা ও নরসিংদীর দুটি তৈরি পোশাকশিল্পের কারখানাকে ৫২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ রাজধানীর আগারগাঁওয়ের অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি কারখানার মধ্যে নরসিংদীর শাহী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলকে ৫০ লাখ ৬৩ হাজার এবং ঢাকার মিরপুরের একতা থ্রেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি অভিযান চালিয়ে দেখা যায়, কারখানা দুটি বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই চালু রেখেছিল। এ কারণে তরল বর্জ্য সরাসরি ড্রেনের মাধ্যমে পাশের খালে ফেলা হচ্ছিল।
আজ সকালে পরিবেশের এমন ক্ষতি করার দায়ে দুটি কারখানার শুনানি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মু. আনোয়ার হোসেন হাওলাদার শুনানি গ্রহণের পর জরিমানা করেন।