পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কাজী আলাউদ্দিন হোস্টেলের চতুর্থ শ্রেণির কর্মচারী স্বপন লাল (৩৫) ও আনোয়ার হোসেনকে (৩৮) হোস্টেলে আটক করে ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্মমভাবে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছেন তাঁরা। সংবাদ পেয়ে হাসপাতালের অন্য কর্মচারীরা দুই প্রহরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছেন।
গত সোমবার গভীর রাতে মিটফোর্ড এলাকায় কলেজের কাজী আলাউদ্দিন হোস্টেলে ঘটনাটি ঘটেছে।
হোস্টেলের প্রহরী আহত আনোয়ার হোসেন বলেন, ‘সাত বছর ধরে হোস্টেলের ফটকে পাহারার দায়িত্বে আছি। আমার সঙ্গে স্বপন লালসহ তিনজন দিন-রাতে পালাক্রমে প্রহরীর কাজ করছে। গত শনিবার রাতে হোস্টেল থেকে দুটি বাইসাইকেল চুরি হয়। সেই রাতে আমাদের কেউ পাহারায় ছিল না। হোস্টেলের ছাত্ররা এসে বলে কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমাদের দুটি সাইকেল চুরি হয়েছে। আমি তাদের জানাই আমরা শনিবার রাতে কেউ পাহারা দিতে আসি নাই। তারা চলে যায়। গত সোমবার দুপুরে কয়েকজন ছাত্র আমাকে ও স্বপনকে ডেকে বলে তোরা কাজ শেষে সন্ধ্যার পর হোস্টেলে থাকবি। তোদের সঙ্গে আমাদের কথা আছে। তাদের কথামতো সন্ধ্যার পর ছাত্রদের হোস্টেলের হলরুমে যাই। রাত ১১টার দিকে তারা আমাদের দুইজনকে হোস্টেলের দ্বিতীয় তলায় একটি ঘরে আটক করে আমাদের মোবাইল কেড়ে নেয়। বলে আমাদের সাইকেল দে। তারা আমাদের লাঠি দিয়ে বেদম মারধর করে। বালতিতে পানি ভর্তি করে আমাদের মুখ সেখানে চুবিয়ে পেছন থেকে লাথি মারতে থাকে। একপর্যায়ে পাঁচ-সাতজন ছাত্র হলুদ, মরিচের গুঁড়া ও লবণ আমাদের দুইজনের ক্ষতস্থানে লাগিয়ে দিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। গভীর রাতে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতারা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।’ তিনি বলেন, ‘যারা আমাদের মারধর করেছে তাদের নাম ও পদবি জানি না। দেখলে তাদের চিনব।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি রেনু মিয়া বলেন, ‘প্রায় সময়ই হোস্টেল ও কলেজের ছাত্রদের সাইকেল ও মোবাইল চুরি হয়। আমরা এর মধ্যে কয়েকজন চোরকে ধরেছি, তারা বহিরাগত। আমাদের কর্মচারীরা কখনো চুরির সঙ্গে জড়িত নয়। অথচ ছাত্ররা অহেতুক দুই কর্মচারীকে মিথ্যা অভিযোগে নির্মমভাবে মারধর করে তাদের শরীরে লবণ ও মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছে। এটা বর্বরতা। বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানিয়েছি।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি রাতুল সিকদার বলেন, গত রোববার হোস্টেল থেকে দুটি বাইসাইকেল চুরি ঘটনা ঘটেছে। প্রহরীরা হোস্টেলের নিচে দুটি রুমে থাকেন। প্রধান ফটকে তালা থাকায় সেখান দিয়ে সাইকেল নেওয়া সম্ভব ছিল না। হোস্টেলের প্রহরীদের যোগসাজশে অনেক সময় চুরির ঘটনা ঘটে থাকে। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য সাধারণ ছাত্ররা দুজন প্রহরীকে ডেকে নেয়। তিনি আরও বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়। কলেজের অধ্যক্ষ বেলাল আলম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। চতুর্থ শ্রেণির কর্মচারী, ছাত্র ও শিক্ষকদের সাথে বৈঠক করে সমস্যাটির সমাধান হয়েছে।’