দুই প্রার্থীর বিরোধকে দুষছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের চর বাউরিয়া ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র দখল নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসী হামলায় দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন পুলিশসহ আরও দুজন। এ হামলার জন্য দুজন সদস্য পদপ্রার্থীর মধ্যে বিরোধকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল সন্ধ্যায় মোহাম্মদ সানাউল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিমের লাশ দাফন করা হয়। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবারের ওই সন্ত্রাসী হামলার জন্য সদস্য পদপ্রার্থী মো. কাউছার আলম ওরফে শাহেদ ও আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে বিরোধকে দায়ী করেছেন। গতকাল বিকেলে কাউছারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
সন্দ্বীপ বিএনপির সভাপতি (আসলাম চৌধুরী-সমর্থিত) আবু তাহের বলেন, ‘বাউরিয়া জোড়া খুনের ঘটনা মেম্বার প্রার্থীদের দ্বন্দ্ব থেকে ঘটেছে বলে আমি শুনেছি। এর সঙ্গে বিএনপির কোনো নেতা বা কর্মী এমনকি একজন সমর্থকেরও সম্পর্ক নেই। ফলে এই দুঃখজনক ঘটনা নিয়ে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই।’
এদিকে বৃহস্পতিবার বিকেলে জোড়া খুনের ঘটনার পর সন্ধ্যার দিকে এলাকায় থেমে থেমে এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম গতকাল বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে বাউরিয়ায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘কারা কেন্দ্র দখলের চেষ্টা করেছে এবং গুলিবর্ষণ করে মানুষ খুন করেছে, তা আমরা বের করার চেষ্টা করছি। তারা দেশের যে প্রান্তেই থাকুক গ্রেপ্তার হবেই।’
সংঘর্ষে গুরুতর আহত জামাল উদ্দিনের বাউরিয়া গ্রামের বাড়িতে গিয়ে গতকাল কথা হয় তাঁর স্ত্রী আকলিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ঘরে চাল না থাকায় গতকাল চুলা জ্বলেনি। তাঁদের দুই ছেলেকে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আহত জামাল উদ্দিনের কাছে অবস্থান করছে প্রতিবেশী কিশোর মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ কিবরিয়া।
পারিবারিক সূত্র জানায়, আহত জামাল উদ্দিন ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালাতেন। বাড়িতে তাঁর কাছের আত্মীয় কেউ নেই। আকলিমা বেগম তাঁর স্বামীর এ অবস্থার জন্য পরাজিত সদস্য পদপ্রার্থী মো. কাউছার আলমকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমার স্বামী মেম্বার প্রার্থী মো. বেলাল উদ্দিনের পক্ষে কাজ করেছিলেন। ভোটের দিন কেন্দ্রের পাশে ভোটারদের পানি খাওয়ানোর দায়িত্ব পালন করার সময় তিনি গুলিবিদ্ধ হন।’
জামাল উদ্দিনের আত্মীয় ও সংঘর্ষের ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রিয়াদ প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীদের আমি দেখেছি। এরা এলাকার কেউ নয়। পরিচিত কেউ হলে নাম বলতে পারতাম। এরা আচমকা গুলি করতে করতে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। মুহূর্তের মধ্যে কী ঘটে গেছে সবই দেখলাম।’
রিয়াদ আরও বলেন, ‘আমাদের ৫ নম্বর ওয়ার্ডে তিনজন মেম্বার প্রার্থী ছিলেন। বেলাল উদ্দিন কোনো বিরোধে না যেতে তাঁর কর্মীদের আগেই নিষেধ করেছিলেন। কিন্তু শাহেদ (মো. কাউছার আলম) ও আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ দিনভর ছিল। ভোট গ্রহণের শেষ মুহূর্তে মেম্বার প্রার্থী শাহেদের (কাউছার আলম) লোকজন হামলা চালায়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক। ভ্যানগাড়ি চালাই। ভোটের দিন পূর্ব বাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলাগুলিতে আহত হই।’
জামালের ভাতিজা মো. শরীফ বলেন, জ্ঞান ফিরে আসার পর তাঁর চাচার সঙ্গে কথা হয়েছে। তাঁরা শুনেছেন এলাকায় ও বিভিন্ন মিডিয়ার গুজব ছড়িয়ে পড়েছে তাঁর চাচা মারা গেছেন। চিকিৎসক তাঁকে বলেছেন জামাল উদ্দিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।